জঙ্গিবাদ প্রতিরোধ করতে হলে তরুণদের কথা বুঝতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণদের চিন্তার জগৎ অনেকটা পাল্টে গেছে। তাদের কথা প্রবীণেরা আর বুঝতে পারছেন না। কিন্তু জঙ্গিবাদবিরোধী কর্মকাণ্ডের সফলতা নির্ভর করছে তরুণদের সম্পৃক্ততার ওপর।  

গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা চক্রে জঙ্গিবাদ প্রতিরোধে কী করা যায়, তা নিয়ে মতামত দেন বিশিষ্টজনেরা। সম্মিলিত সামাজিক আন্দোলন—রুখে দাঁড়াও বাংলাদেশ ছিল ওই আলোচনা চক্রের আয়োজক।

আলোচনায় মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বলেন, ‘আমরা যখন তরুণ ছিলাম, আমাদের সামনে অন্তত দুটি আদর্শ ছিল। একটি ছিল বৈষম্যহীন সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়নের আদর্শ, অন্যটি বঙ্গবন্ধুর গণতান্ত্রিক জাতীয়তাবাদী আদর্শ। এখন তরুণদের সামনে কোনো আদর্শ নেই। হতাশায় ভোগা এসব তরুণকে ধর্মীয় উগ্রবাদে উদ্বুদ্ধ করা সহজ।’ তিনি বলেন, ‘তরুণেরা তাঁদের (আগের প্রজন্মের) কথা বোঝে না, তাঁরাও তরুণদের কথা বুঝতে পারছেন না।’ 

ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, নির্বাচন সামনে রেখে সরকার হেফাজতে ইসলামের মতো দলের সঙ্গে আপস করেছে। এখন শোনা যাচ্ছে, জামায়াতে ইসলামীর সঙ্গেও প্রয়োজনে জোট বাঁধবে। অন্যদিকে ঘরোয়া রাজনীতিতে বাধা দেওয়ার ঘটনা ঘটছে। একজন নেতা রাঙামাটিতে যাওয়ার চেষ্টা করলে তাঁকে পেটানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, সরকার ও রাষ্ট্রকে তার চরিত্র ঠিক করতে হবে। সরকারকে এখন পরস্পরবিরোধী অবস্থানে দেখা যাচ্ছে।

আলোচকেরা শিক্ষা ও সংস্কৃতির বিকাশের ওপর জোর দেন।

নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, হোলি আর্টিজানে হামলার পর দফায় দফায় বৈঠক হয়েছে সংস্কৃতিচর্চা বাড়ানোর ব্যাপারে। কিন্তু শেষ পর্যন্ত তেমন কোনো উদ্যোগ মাঠে গড়ায়নি।

শিক্ষক নেতা নূর মোহাম্মদ তালুকদার বলেন, ২০১০ সালে সুন্দর একটা শিক্ষানীতি হয়। সেটি বাস্তবায়িত হয়নি। সেখানেও কওমি মাদ্রাসা নিয়ে কোনো আলোচনা নেই। এ বিষয়ে কথা উঠলেই বলা হচ্ছে, ওই জায়গায় হাত দেওয়া যাবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এম এম আকাশ আলোচনা চক্রে একটি খসড়া ধারণাপত্র পড়ে শোনান। সেখানে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে আসার কোনো সুযোগ নেই। মৌলবাদী ধর্মীয় শক্তির যে প্রচারদক্ষতা, ধৈর্য, নিষ্ঠা ও চালাকির পুঁজি আছে, সেগুলোর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে জয়ী হতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারী প্রগতি সংঘের সদস্যসচিব রোকেয়া কবীর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস।