জঙ্গিবাদ প্রতিরোধ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযোগ্য মর্যাদায় গতকাল রোববার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত একাধিক আলোচনা সভায় বক্তারা জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তাঁরা তরুণসমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হওয়ার কথা বলেন।
সিলেটের চৌহাট্টা এলাকার শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। শহীদ মিনারে সকাল নয়টা থেকে বিকেল পর্যন্ত সম্মিলিত নাট্য পরিষদের ব্যবস্থাপনায় রক্তদান কর্মসূচি পালিত হয়। দিনভর সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে এখন মুক্তিযুদ্ধের বিরোধী অপশক্তি পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এই শক্তির অনুসারীরাই গত শনিবার সিলেটের শিববাড়িতে জঙ্গি হামলা চালিয়েছে। এদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।
সুনামগঞ্জ পৌর শহরের শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা ও পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আইনজীবী সমিতি, পৌরসভা, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, সিপিবি, জাতীয় পার্টি, মহিলা পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শিক্ষাপ্রতিষ্ঠান। সকাল আটটায় সুনামগঞ্জ স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী হয়। এখানে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
জেলার ধরমপাশা উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গণে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বইমেলা ও কবিতা পাঠের আসর হয়েছে। ধরমপাশা সাহিত্য পরিষদ ও বাংলাদেশ কবি ইউনিয়ন যৌথভাবে এর আয়োজন করে।
ব্রাহ্মণবাড়িয়ায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। ফারুকী পার্ক স্মৃতিসৌধে ফুল দেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ও পুলিশ সুপার মিজানুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, আওয়ামী লীগ, বন্ধুসভাসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়। শহরের নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনীতে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী উপস্থিত ছিলেন।
সরাইল উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, সরাইল থানা এবং আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফুল দেয়। অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে পুলিশ, আনসার-ভিডিপি, গার্লস গাইড, কাব স্কাউট দল ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন করে। পরে উপজেলার শতাধিক মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। সাংসদ জিয়াউল হক মৃধা জঙ্গিবাদকে প্রতিরোধ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
হবিগঞ্জে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কালেক্টরেট ভবনের সামনে ৩১ বার তোপধ্বনি দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক মেজর জেনারেল (অব.) মো. আবদুর রব (বীর উত্তম) ও জেলার শহীদ মুক্তিযোদ্ধাদের কবরে ফুল দেওয়া হয়। সকাল ১০টায় স্থানীয় নিমতলায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহির। শিশু একাডেমিতে আয়োজন করা হয় শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মৌলভীবাজারের স্বাধীনতা স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংসদ সৈয়দা সায়রা মহসিন, জেলা প্রশাসন, পুলিশ, পৌরসভা ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। মৌলভীবাজার স্টেডিয়ামে কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। দুপুরে জেলা প্রশাসন ও পৌরসভা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়।
কমলগঞ্জ উপজেলায় ভোরে উপজেলা প্রশাসন ও উপজেলার মুক্তিযোদ্ধারা শমশেরনগর বিমানবন্দর বধ্যভূমি, দেওড়াছড়া বধ্যভূমি ও কামুদপুর শহীদ মুক্তিযোদ্ধাদের কবরে ফুল দেন। এরপর ত্রিপুরা সীমান্তবর্তী ধলই চা-বাগানে শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের স্মৃতিসৌধে ফুল দেওয়া হয়। সকাল আটটায় কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ হয়।
চাঁদপুরে সকাল পৌনে ছয়টায় চাঁদপুর পুলিশ লাইনে শহীদবেদিতে মোমবাতি প্রজ্বালন করে প্রশাসন। মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্যের পাদদেশে ফুল দেন প্রশাসনের কর্মকর্তারা। এ ছাড়া চাঁদপুর স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনীর আয়োজন করা হয়। এ ছাড়া আওয়ামী লীগ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।
কুমিল্লার দাউদকান্দিতে শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাটক, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সুনামগঞ্জ অফিস; সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, চাঁদপুর, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া), ধরমপাশা (সুনামগঞ্জ), কমলগঞ্জ (মৌলভীবাজার), দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি}