জঙ্গিবাদ প্রতিরোধে ঐক্যের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের প্রেসক্লাবের সামনে গতকাল সকালে জঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বানে মানববন্ধন করে সুজন জেলা শাখা l ছবি: প্রথম আলো
রংপুর নগরের প্রেসক্লাবের সামনে গতকাল সকালে জঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বানে মানববন্ধন করে সুজন জেলা শাখা l ছবি: প্রথম আলো

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সারা দেশের বিভিন্ন স্থানে গতকাল শনিবার জঙ্গিবাদ প্রতিরোধ, শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা এবং অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তির জাতীয় ঐক্যের দাবিতে মানববন্ধন করেছে। একই দিন সন্ত্রাস-নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধে জনমত ও সচেতনতা গড়ে তুলতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে সমাবেশ হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রংপুর: বেলা ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত হন। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি খন্দকার ফখরুল আনাম। বক্তব্য দেন মহিলা পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি হাসনা চৌধুরী, মানবাধিকার সংগঠক মুনীর চৌধুরী, প্রবীণ নাট্যব্যক্তিত্ব মনোয়ার হোসেন, বাসদের আহ্বায়ক আবদুল কুদ্দুস, আয়োজক সংগঠক সুজনের মহানগর কমিটির সভাপতি আফতাব হোসেন প্রমুখ। বক্তারা বলেন, দেশে একের পর এক গুপ্তহত্যা ঘটে যাচ্ছে। এমন এক পরিস্থিতিতে আমাদের আর বসে থাকলে চলবে না। পরিবারের সন্তানদের খোঁজখবর রাখতে হবে অভিভাবকদেরই। বক্তারা তরুণ ও যুবকদের নিয়ে বৈঠক করে জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
দিনাজপুর: বেলা ১১টায় দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ওই মানববন্ধন হয়। সুজনের দিনাজপুর জেলা কমিটি ওই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য দেন সুজন দিনাজপুর জেলা কমিটির সভাপতি মো. বেলাল উদ্দীন শিকদার, জেলা কমিটির উপদেষ্টা মুহম্মদ শহীদুল্লাহ, মো. শাহাদৎ হোসেন, সহসভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. লোকমান হাকিম, যুগ্ম সম্পাদক মো. রাহিনুর ইসলাম, রোভার স্কাউট সুদীপ্ত রায় প্রমুখ। বক্তারা বলেন, ধর্মব্যবসায়ীদের জালে ফেঁসে যাওয়া বিপথগামী তরুণসমাজকে রক্ষায় সম্মিলিত উদ্যোগের পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে। সন্তানেরা পড়ালেখা করছে কি না, তাদের বন্ধুবান্ধব কারা, তাদের পরিচয়, পড়ালেখার বাইরে কখন কোথায় কী করছে, কার সঙ্গে মিশছে এবং সঠিক পথে চলছে কি না—এসব ব্যাপারে অবশ্যই নজরদারি থাকতে হবে। জঙ্গিবাদী অপতৎপরতা কঠোর হাতে দমন করতে সুজন সরকার ও প্রশাসনের কাছে সাত দফা দাবি জানায়।
লালমনিরহাট: সকালে লালমনিরহাট শহরের মিশন মোড় চত্বরে ওই মানববন্ধন হয়। বক্তব্য দেন সুজনের লালমনিরহাট কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম, টিআইবির লালমনিরহাট এরিয়া ম্যানেজার জেসমিন আক্তার, সিপিবির লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক আবদুর রব প্রমুখ। বক্তারা অবিলম্বে জঙ্গিবাদী অপতৎপরতা কঠোর হাতে দমন, জঙ্গিবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা ও বিচারিক প্রক্রিয়ায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
বদরগঞ্জ (রংপুর): সকাল সাড়ে ১০টায় স্থানীয় শহীদ মিনার চত্বরে ওই মানববন্ধনের আয়োজন করে সুজনের বদরগঞ্জ শাখা। ঘণ্টাব্যাপী চলা ওই মানববন্ধনে বক্তব্য দেন সুজনের উপজেলা শাখার সভাপতি সাবেক অধ্যক্ষ আফজাল হোসেন প্রামাণিক, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, জাসদের উপজেলা সাধারণ সম্পাদক প্রভাষক আনোয়ারুল হক প্রমুখ।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): সন্ত্রাস-নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধে জনমত ও সচেতনতা গড়ে তুলতে বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত পৌর অডিটোরিয়ামে উপজেলা সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটির উদ্যোগে সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইউএনও ইফতেখারুল ইসলাম খন্দকার। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাংসদ সেলিনা জাহান। বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক সাংসদ ইমদাদুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম, পৌর মেয়র কশিরুল আলম ও মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান। এ সময় উপজেলার প্রতিটি ওয়ার্ডে একটি করে সন্ত্রাস-নাশকতা ও জঙ্গিবাদবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।