৮১৫৫। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ‘জ্ঞান জিজ্ঞাসা ও ইসলামী তথ্য’ সেবা সার্ভিসের মোবাইল নম্বর। ফোন করলেই রবি ও বাংলালিংক গ্রাহকেরা সরাসরি আলেমদের সঙ্গে কথা বলতে পারবেন। তাঁরা জঙ্গিবাদ দমন ও প্রতিরোধে ধর্মের সঠিক ব্যাখ্যা পাবেন। গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলার পর জঙ্গিবাদ থেকে তরুণদের ফেরানোর জন্য সবচেয়ে জরুরি কাজ হচ্ছে ‘কাউন্টার ন্যারেটিভ’ বা ‘পাল্টা ভাষ্য’ প্রচার।
গত ২৯ জুন বিকেল ৫টা ৪৭ মিনিটে ৮১৫৫ কল সেন্টারে ফোন করে ‘শিয়া’ সম্প্রদায় সম্পর্কে জানতে চাইলে অপর প্রান্ত থেকে ‘শিয়া’রা ‘গোমরাহি’র (বিভ্রান্তি) মধ্যে আছেন বলে জানান সরকারের নিয়োগপ্রাপ্ত এক আলেম। তিনি তাঁর নাম বলতে রাজি হননি। তাঁর এই বক্তব্য অসহিষ্ণু তরুণদের উসকে দিতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মোটেই না। আমি ব্যক্তিগত মত দিতে পারি।’ সিদ্ধান্ত দিতে পারেন কি না জানতে চাইলে তিনি অবশ্যই জবাব দিতে পারেন বলে ওই আলেম ফোন রেখে দেন।
বিশ্বজুড়ে আইএসের হামলার প্রধান লক্ষ্যবস্তু শিয়া ধর্মাবলম্বীরা। বাংলাদেশেও হোসেনি দালানে শিয়া ধর্মাবলম্বীদের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হামলায় তিনজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়। বগুড়ায় শিয়া ধর্মাবলম্বীদের মসজিদে এলোপাতাড়ি গুলি করে জঙ্গিরা। তাতে মুয়াজ্জিন নিহত হন। দুটি ঘটনার সঙ্গেই আইএস মতাদর্শ অনুসরণকারী নব্য জেএমবি জড়িত বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মুহাম্মদ আবদুর রশীদ প্রথম আলোকে বলেন, ‘শিয়াদের সঙ্গে সুন্নিদের বিশ্বাসের জায়গায় মৌলিক কোনো পার্থক্য নেই। দুটি পক্ষই আল্লাহ এক, হজরত মুহাম্মদ (সা.) সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী বলে মানে। দুই পক্ষই পবিত্র কোরআন মানে, রোজা রাখে, হজ করে। তাদের সম্পর্কে মূর্খতা থেকে এখন অপপ্রচার চালানোর চেষ্টা করছে কোনো কোনো পক্ষ। বর্তমান পরিস্থিতিতে এমন কোনো বার্তা যাওয়া উচিত নয়, যা উসকানিমূলক।’
জানতে চাইলে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, এ ধরনের কোনো ‘সেবা’ ইসলামিক ফাউন্ডেশনের আছে বলে তাঁর জানা নেই। তাঁর কোনো কর্মকর্তা জানতে পারেন। তবে শিয়াদের সম্পর্কে এমন মন্তব্য দেওয়া ঠিক নয়। এটা জামায়াতের একটা চাল হতে পারে। বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিরোধের এটি একটি খণ্ডচিত্র।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অবশ্য গত ২৮ জুন জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পুলিশি তৎপরতার বাইরেও ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে এক লাখ মুফতির স্বাক্ষরসংবলিত ফতোয়া প্রচার, জুমার নামাজের আগে জঙ্গিবাদবিরোধী বক্তব্য প্রদান, তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে তথ্যচিত্র, শর্টফিল্ম, বিজ্ঞাপনচিত্র, ভিডিও ক্লিপ তৈরি ও প্রচার এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে জেলায় জেলায় সমাবেশ করার কথা বলেন।
জঙ্গিবাদবিরোধী প্রচার কী, কেন; সমস্যা কোথায়?
গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলার পর ধারাবাহিক পুলিশি অভিযানে দেশের বিভিন্ন জায়গায় কমপক্ষে ৭০ জন জঙ্গি নিহত হয়েছে। গতকাল শনিবারও কুষ্টিয়ায় জঙ্গিবাদবিরোধী অভিযান চলেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশ্লেষক এবং জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়েছেন এমন দুজন তরুণ প্রথম আলোকেবলেন, জঙ্গিবাদবিরোধী অভিযানের পাশাপাশি তরুণেরা যেন জঙ্গিবাদে না জড়ান, সে জন্য সরকারি-বেসরকারি উদ্যোগে সৃষ্টিশীল কাজে তরুণদের অংশগ্রহণ প্রয়োজন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাউন্টার টেররিজম কমিটি বলেছে, দমন-পীড়ন দিয়ে কাজ হবে না। জঙ্গিবাদ উসকে দেয় এমন কর্মকাণ্ড থেকে সদস্যরাষ্ট্রগুলোকে বিরত থাকতে হবে। পাশাপাশি সংবাদমাধ্যম, সুশীল সমাজ, ধর্মীয় ও ব্যবসায়ী সম্প্রদায়, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনকে একযোগে কাজ করতে হবে। তরুণদের দুঃখ-কষ্টের জায়গাগুলো খুঁজে বের করে সমাধান করতে না পারলে ঝুঁকি থেকেই যাবে। ২০১৪ সালে কমিটি এসব ব্যাপারে ঐকমত্যে পৌঁছায়।
সরকারি-বেসরকারি বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে, বাংলাদেশ এখানেই পিছিয়ে থাকছে। বাংলাদেশে এখনো জঙ্গিবাদবিরোধী অভিযান ‘নজরদারি’ ও ‘নির্দেশনামূলক’ কার্যক্রমে সীমাবদ্ধ। সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি করা হচ্ছে এবং প্রশাসনে থাকা কর্মকর্তাদের মন্ত্রণালয় থেকে দফায় দফায় নির্দেশনা দেওয়া হচ্ছে। এর ফল কী হচ্ছে, কেউ তা জানে না।
জঙ্গিবাদ দমনে যে তৎপরতা আছে, জঙ্গিবাদ থেকে ফেরানো বা উদ্বুদ্ধ হওয়া থেকে বিরত রাখার ক্ষেত্রে কোথাও কোথাও ঢিলেঢালা ভাব আছে। ২০০৭ সালে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের শীর্ষ নেতাদের ফাঁসি হয়। এর দুই বছরের মাথায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজের উদ্যোগে ১৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি হয়। ‘ন্যাশনাল কমিটি অন মিলিট্যান্সি রেজিসট্যান্স অ্যান্ড প্রিভেনশন’ নামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং বিভিন্ন বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ওই কমিটি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কিছু পরিকল্পনা ঠিক করে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সে সময় বলেছিলেন, বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে, তবে জঙ্গিবাদের উপস্থিতি নেই এ কথা বলা যাবে না।
গত ২১ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (সুরক্ষা) যুগ্ম ও অতিরিক্ত সচিব পর্যায়ের একাধিক কর্মকর্তার কাছে ওই কমিটি এবং কমিটির নেওয়া সুপারিশগুলো বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তাঁরা কোনো তথ্য দিতে পারেননি। একজন কর্মকর্তা বলেন, ফাইল ঘেঁটে এ-সংক্রান্ত নথি বের করতে হবে।
ওই কমিটি করার প্রায় আট বছর পর এসে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, ২০০৭ সালের আগে শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইয়ের আমলে উত্তরবঙ্গের যেসব জেলায় জঙ্গিবাদের বিস্তার ঘটেছিল, সেই জেলাগুলোতে পরিস্থিতি এখনো আগের মতো রয়ে গেছে।
জঙ্গিবাদ দমনে সরকারের কী উদ্যোগ আছে, কী নেই
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. কামালউদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, জঙ্গিবাদ দমনে বিভিন্ন স্তরে তাঁরা বিস্তারিত কর্মসূচি নিয়েছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেই কাজগুলো চলছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, তাঁদের কর্মসূচির সবচেয়ে বড় অংশীদার ধর্ম মন্ত্রণালয়, মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন, শিক্ষা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদ জামাতের ইমাম মাওলানা ফরিদউদ্দীন মাসউদের নেতৃত্বে এক লাখ আলেমের স্বাক্ষরসংবলিত একটি ফতোয়া প্রণয়ন করা হয়েছিল। কিন্তু সেটি পরে আর রাষ্ট্রীয়ভাবে প্রচারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
ফরিদউদ্দীন মাসউদ প্রথম আলোকে বলেন, ব্যক্তি উদ্যোগে কেউ কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করে ফতোয়া নিয়ে গেছেন। রাষ্ট্রীয়ভাবে প্রচারের তেমন কোনো উদ্যোগ আছে বলে তিনি জানেন না।
হোলি আর্টিজান বেকারিতে হামলার পর আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পরামর্শে ইসলামিক ফাউন্ডেশন খুতবা প্রস্তুত করে বিভিন্ন মসজিদে পাঠিয়েছিল। সেই কার্যক্রম এক মাসের মাথায় বন্ধ হয়ে গেছে। অনলাইনেও ধর্মীয় বিষয় সম্পর্কে সঠিক ব্যাখ্যা পাওয়ার সুযোগ নেই। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় বা তথ্য মন্ত্রণালয়ের এখন পর্যন্ত এ ধরনের কোনো উদ্যোগ নেই। এ তথ্য নিশ্চিত করেছেন আইসিটি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল এবং তথ্য মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একটি দায়িত্বশীল সূত্র।
ভারতের সেন্টার ফর ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাট গেটওয়ে হাউসের পরিচালক সমীর পাতিল সম্প্রতি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ আয়োজিত কর্মশালায় একটি প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, জঙ্গি সংগঠনগুলোর প্রধান শক্তি হলো অনলাইনে ২৪ ঘণ্টা উপস্থিতি। ইন্দোনেশীয় সরকার একই রকম শক্তি নিয়ে অনলাইনে কাউন্টার ন্যারেটিভ বা পাল্টা ভাষ্য প্রচার করছে।
জঙ্গিবাদবিরোধী প্রচারণায় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কাজ, সেটি প্রধানত নজরদারিমূলক। শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ সময় কেউ অনুপস্থিত থাকলে মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হচ্ছে। জঙ্গিবাদের ঝুঁকিতে আছে এমন ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। তা ছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলাম সারা দেশের ক্লাবগুলো নিবন্ধনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন।
তবে কিশোর বা তরুণদের সম্পৃক্ত করে কোনো সুনির্দিষ্ট গঠনমূলক কাজ চলছে না। হোলি আর্টিজান বেকারিতে হামলাকারী এক তরুণের মা প্রথম আলোকে বলেন, তাঁদের দিয়ে মেডিকেল ক্যাম্প করানো যেতে পারত, বৃক্ষরোপণ করানো যেত, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকাশ ঘটানো যেত। সেটা হয়নি।
ঢাকা ও ঢাকার বাইরে প্রশাসন যা করছে
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জেলা ও উপজেলা প্রশাসনকে জঙ্গিবিরোধী কাজ নিয়মিত নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসকদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, সভা-সেমিনারে অংশগ্রহণের সময় জঙ্গিবাদবিরোধী বক্তব্য রাখা এবং পাক্ষিক গোপনীয় প্রতিবেদনে তারা কী করছে, সে সম্পর্কেও মন্ত্রিপরিষদ বিভাগকে জানাতে বলা হয়েছে।
জানা গেছে, পাক্ষিক গোপনীয় প্রতিবেদনে জেলা প্রশাসকেরা জঙ্গিবাদবিরোধী বক্তব্য দিয়েছেন উল্লেখ করে প্রতিবেদন পাঠান। সেই বক্তব্যে কী থাকছে, সাধারণত তার কোনো উল্লেখ থাকে না।
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকার একজন জেলা প্রশাসক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, জঙ্গিবাদবিরোধী বক্তব্য দিয়ে আসলে জঙ্গিবাদ কতটা ঠেকানো যাচ্ছে, বলা যাচ্ছে না। কাউন্টার ভায়োলেন্ট এক্সট্রিমিজম বা ডি-র্যাডিক্যালাইজেশনের ব্যাপারে সব কর্মকর্তার ভালো ধারণা নেই। জঙ্গিবাদে তরুণেরা কেন জড়াচ্ছেন, সেই কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাঁর এলাকায় জামায়াত-শিবির ও আহলে হাদিসদের বেশ প্রভাব আছে। তাদের অর্থায়নে যে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেসব প্রতিষ্ঠানের ফল অন্য স্কুলের চেয়ে ভালো। যাঁরা উগ্রবাদী নন, তাঁরাও সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ওই সব স্কুলে ছেলেমেয়েদের ভর্তি করাচ্ছেন। জেলায় সংস্কৃতির চর্চাও তেমন নেই।
কারাগারে কর্মসূচি নেই
পুলিশপ্রধানদের নিয়ে গত মার্চে ঢাকায় আয়োজিত সম্মেলনে সন্ত্রাসবাদ বিশেষজ্ঞ সিঙ্গাপুরের রোহান গুণারত্নে বলেন, কারাগারে থাকা জঙ্গিরা যেন সাজা খেটে গিয়ে আবার জঙ্গিবাদে না জড়ায়, সে জন্য কারাগারের ভেতরে ধর্মের সঠিক ব্যাখ্যা দেওয়ার ব্যবস্থা থাকা প্রয়োজন। সেই সঙ্গে দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে কারাগারের ভেতরে বৃত্তিমূলক কাজের ব্যবস্থা করতে হবে। জেল খেটে বেরিয়ে তাঁরা যদি বেকার থাকেন বা সমাজে একঘরে হয়ে থাকেন, তাহলে তাঁদের আবারও জঙ্গিবাদে জড়ানোর আশঙ্কা দেখা যাবে।
উল্লেখ্য, নব্য জেএমবির অন্যতম শীর্ষ নেতা ও হোলি আর্টিজানে হামলার একজন পরিকল্পনাকারী সারওয়ার জাহান ২০০৫ সালের ১৭ আগস্ট দেশজুড়ে বোমা হামলার পর গ্রেপ্তার হন। ওই একই অভিযোগে গ্রেপ্তার হন খিজির হায়াৎ খান হত্যার আসামি তরিকুল ইসলাম। দুজনেই জেল খেটে বেরিয়ে আবার জঙ্গিবাদে জড়ান।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের কর্মকর্তারা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে ‘জঙ্গি’ হিসেবে যাঁরা সাজা খেটেছেন, তাঁদের জঙ্গিবাদবিরোধী প্রচারে যুক্ত করার রেওয়াজ আছে। যাঁদের হামলায় কেউ মৃত্যুবরণ করেছে, তাঁদের ওই সব পরিবারের লোকজনের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়া হয়। তাঁরা স্বজনহারা মানুষের কষ্ট তখন অনুভব করেন। তাঁদের মধ্যে অপরাধবোধ কাজ করে।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, যাঁরা বিভিন্ন সময়ে পুলিশি অভিযানে নিহত হয়েছেন বা গ্রেপ্তার হয়েছেন, তাঁদের স্বজনদের জঙ্গিবাদবিরোধী কর্মকাণ্ডে যুক্ত করার পরিকল্পনা আছে।
তবে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ও পরে জামিনে মুক্ত একজন তরুণ প্রথম আলোকে বলেন, সরকার যদি সত্যিই জঙ্গিবাদে জড়ানো তরুণদের দিয়ে জঙ্গিবাদবিরোধী কাজ করাতে চায়, তাহলে তাঁদের আস্থায় আনতে হবে। তিনি বলছিলেন, বেশির ভাগ ক্ষেত্রে বাড়ি থেকে আটক করার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লম্বা সময় গুম করে রাখছে, তারপর এজাহারে বলা হচ্ছে, গোপন বৈঠক করার সময় গ্রেপ্তার করা হয়েছে। কখনো কখনো অভিযানে গ্রেপ্তার বলেও দেখানো হচ্ছে। বিচারের প্রক্রিয়া স্বচ্ছ না হলে কখনোই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না।
পরিবার ও সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দুই ব্যক্তির সঙ্গে সম্প্রতি এই প্রতিবেদকের কথা হয়। তাঁদের একজন দেড় বছর গাজীপুরের কাশিমপুর কারাগারে ছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, শিক্ষিত ও উচ্চবিত্ত পরিবারের সন্তানদের জঙ্গিবাদে জড়ানোর পেছনে পরিবারের ভূমিকা বেশি। সদ্য কৈশোর উত্তীর্ণ বেশ কিছু তরুণই এসেছেন এমন পরিবার থেকে, যাঁদের বাবা-মা আলাদা থাকেন বা তাঁদের সুসম্পর্ক নেই। তরুণদের একটা বড় অংশের মামাতো-চাচাতো ভাই-বোন বা দাদাবাড়ি-নানাবাড়ির সঙ্গেও যোগাযোগ নেই। তাঁদের সঙ্গী ও পরামর্শদাতারা সমবয়সী বন্ধু ও ইন্টারনেট। তাঁরা বাড়ি ছাড়ার সময় সেই অর্থে পরিবারের প্রতি কোনো টান অনুভব করেননি। তিনি এক তরুণকে চেনেন, যিনি ইন্টারনেটে স্বপ্নের ব্যাখ্যা খুঁজতে গিয়ে জঙ্গিবাদে জড়ান। স্বপ্নের ব্যাখ্যা নিয়ে একজন বক্তার বক্তব্য তাঁর ভালো লাগে। নিয়মিত সেই বক্তব্য শুনতে শুনতে তিনি তথাকথিত জিহাদের নামে ঘর ছাড়েন।
দেড় বছর কারাবাস শেষে ফেরা ওই তরুণ একটি বড় প্রতিষ্ঠানে লক্ষাধিক টাকা বেতনে চাকরি করতেন। এখন কোনো রকমে জীবন যাপন করছেন। তিনি চান তাঁর ছেলেরা পরমতসহিষ্ণু হোক। তিনি বলছিলেন, একই দিনে ছেলেদের নিয়ে তিনি মসজিদ ও আর্মেনীয় গির্জায় যান। তিনি দেশটাকে ঘুরে ঘুরে দেখাতে চান সন্তানদের। তাঁর মতে, সরকারিভাবে স্কুলে এক দিন করে জাতীয় দিবস পালনে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ হবে না। কারণ, দেশাত্মবোধ একটা চর্চা, যা সব সময় অব্যাহত রাখতে হয়।
জঙ্গিবাদ প্রতিরোধে কী করা উচিত জানতে চাইলে সাংবাদিক ও সাহিত্যিক আবুল মোমেন গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, সমাজে শিক্ষা ও সংস্কৃতি—দুয়েরই বিকাশ দরকার। সংস্কৃতি বিযুক্ত শিক্ষা প্রকৃত শিক্ষা নয়। জঙ্গিবাদে না জড়াতে মুক্ত মন দরকার। শিল্পকলা ও ক্রীড়া মানুষের মুক্ত মন তৈরি করে। আর কৈশোরে মানুষ স্বপ্ন দেখে। নিজেকে ছাড়িয়ে যেতে চায়। যেকোনো মহৎ কাজের জন্য আত্মোৎসর্গ করতে চায়। শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, সমাজব্যবস্থায় মহত্তর কাজের সুযোগ তৈরি করে দিতে হবে। সেটা স্কাউটিং হতে পারে, রেড ক্রিসেন্টে স্বেচ্ছাসেবী হওয়ার মতো বা অন্যান্য সামাজিক কাজও হতে পারে।