জঙ্গিবাদ প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মিলিতভাবে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও নির্মূলে অঙ্গীকার ব্যক্ত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই অঙ্গীকার ব্যক্ত করেন শিক্ষকেরা।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম ইমামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের ছয় অনুষদের ডিন, ১৮ বিভাগের প্রধান, সহকারী প্রক্টরসহ শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপাচার্য বলেন, ধর্মের নামে উগ্রতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কখনো উগ্রতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না। কাজেই ধর্মের কথা বলে যারা মানুষ হত্যা করে সেই জঙ্গি, সন্ত্রাসীদের নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রয়াসে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূল করা সম্ভব হবে।
সভায় জঙ্গিবাদ প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য করণীয় বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসব সিদ্ধান্তের মধ্যে প্রশাসনিক ও একাডেমিক ভবনের মতো দ্রুত তিনটি ছাত্রাবাস সিসি ক্যামেরার আওতায় আনা হবে। প্রত্যেক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল আইডি কার্ড দেওয়া হবে। যা বিশ্ববিদ্যালয় চলাকালে প্রত্যেকেই গলায় ঝুলিয়ে রাখবেন। ক্যাম্পাসে আগত দর্শনার্থীদের রেজিস্ট্রার খাতায় নাম লিপিবদ্ধ করতে হবে।