শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে। দিতে হবে নৈতিক শিক্ষা। শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের বড় ভূমিকা রয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীরা যাতে ইসলাম ধর্ম সম্পর্কে সঠিক শিক্ষা পেতে পারে, তা নিশ্চিত করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। তাঁরা বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও জঙ্গিবাদে যাতে শিক্ষার্থীরা জড়িয়ে না পড়ে, সে জন্য শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। যেসব কোচিং সেন্টার ও শিক্ষাপ্রতিষ্ঠান জঙ্গি কর্মকাণ্ডকে উৎসাহিত করছে, সেসব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের চিহ্নিত করা হচ্ছে বলে জানান তাঁরা।
গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় পুলিশ কর্মকর্তারা এসব কথা বলেন। পটিয়া থানা প্রাঙ্গণে পুলিশের উদ্যোগে জঙ্গিবাদবিরোধী এ মতবিনিময় সভা হয়। এতে সভাপতিত্বে করেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী। উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শ্যামল দের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ইমরান ভূঁইয়া।
সভায় ইমরান ভূঁইয়া বলেন, যারা স্বাধীনতাকে মেনে নেয়নি, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে যারা মেনে নিতে পারছে না, তারাই তরুণদের বিপথগামী করে তুলছে। জঙ্গিবাদ নির্মূলে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য সবার প্রতি তিনি আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে মনুষ্যত্ববোধ জাগিয়ে তুলতে হবে।
মতবিনিময় সভায় বক্তব্য দেন পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ জাহাঙ্গীর, পটিয়ার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ উল্লাহ, পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম, পটিয়া শাহ চান্দ আউলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোকতার আহমদ, হাইদগাঁও মোজাহের উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ এস এম আলাউদ্দিন, হাফেজ আহমদ আল কাদেরী, শিক্ষক শহীদুল ইসলাম, আবুল হাসেম, পটিয়া থানা মসজিদের পেশ ইমাম কাজী মোহাম্মদ রেজাউল করিম; আবুল কাসেম নুরী, শিরিন আকতার প্রমুখ।