জঙ্গিবাদ প্রতিরোধে মানববন্ধন, মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া চত্বরে বারঘরিয়া মিতালী রিকশা ও ভ্যান শ্রমিক সমিতির মানববন্ধন। ছবিটি গতকাল তোলা l ছবি: প্রথম আলো
চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া চত্বরে বারঘরিয়া মিতালী রিকশা ও ভ্যান শ্রমিক সমিতির মানববন্ধন। ছবিটি গতকাল তোলা l ছবি: প্রথম আলো

দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেছে। শ্রমিক, শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসব কর্মসূচিতে অংশ নেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

নওগাঁ: নওগাঁ সরকারি বিএমসি মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের ব্যানারে গতকাল বেলা ১১টায় কলেজের সামনে শহরের প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কলেজের অধ্যক্ষ মাহফিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে কলেজের শিক্ষক আবদুল ওয়াহাব, আবদুস সামাদ আজাদ, মাহবুবুর রহমান, নাজমুল হাসান, আবদুল হাদি, জিয়াউল হক ও মোজাম্মেল হক বক্তব্য দেন। এতে কলেজের পাঁচ শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।

বক্তারা বলেন, নওগাঁর মানুষ জঙ্গিবাদ ও সন্ত্রাসকে সমর্থন করে না। জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করছে। এ অপশক্তির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। এ ছাড়া শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষকেরা বলেন, জঙ্গিরা যাতে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে শিক্ষার্থীদের ভুল পথে প্ররোচিত না করতে পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। কারও প্ররোচনায় বা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে উগ্রপন্থী চিন্তা থেকে বেরিয়ে এসে মানুষের মতো মানুষ হতে হবে।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা সেতুর অপর প্রান্তে বারঘরিয়া সেতু চত্বরে শোভাযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বারঘরিয়া মিতালী রিকশা ও ভ্যান শ্রমিক সমিতি। এখানে জঙ্গি তৎপরতা, সন্ত্রাসী কার্যক্রমের পাশাপাশি মাদকদ্রব্য ও বাল্যবিবাহ প্রতিরোধেও আহ্বান জানানো হয়। এ কর্মসূচিতে সহযোগিতা করে বারঘরিয়া ইউপি কমিউনিটি পুলিশিং ফোরাম।

সকাল ১০টার দিকে সেতু চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে বারঘরিয়া বাজার ঘুরে এসে আবার চত্বরে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর) আবুল কালাম সাহিদ। এতে বক্তব্য দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম, সমিতির সভাপতি আরমান আলী, সহসভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক আবদুল মালেক, সাবেক সভাপতি সেরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালেক খান, স্থানীয় মাদ্রাসা শিক্ষক হাসান মো. ইসাহাক, ইউপি সদস্য আল আমিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জঙ্গিবাদ, নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করতে হবে। পাশাপাশি মাদকের অপব্যবহার ও বাল্যবিবাহ প্রতিরোধেও এগিয়ে আসতে হবে।

সিরাজগঞ্জ: জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুল বাড়িয়া বাজার বাসস্ট্যান্ড চত্বরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সদর উপজেলার বাগবাটি ডিগ্রি কলেজ গতকাল সকালে এ কর্মসূচির আয়োজন করে। সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি চলাকালে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ বদিয়ার রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান আলী হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম প্রমুখ। এ কর্মসূচিতে কলেজের সব শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেন।

রায়গঞ্জ(সিরাজগঞ্জ): রায়গঞ্জ উপজেলায় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মিছিল-সমাবেশ হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার বেগম নূরুন নাহার তর্কবাগীশ অনার্স কলেজ মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি গোলাম হোসেন শোভন সরকার। বক্তব্য দেন কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আতাউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম হাসনায়েন, উপজেলা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম সরকার, ধানগড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা বিকাশ চন্দ্র প্রমুখ।

বাগমারা(রাজশাহী): জঙ্গিবাদের বিরুদ্ধে গতকাল উপজেলার ঝাড়গ্রাম ফাজিল মাদ্রাসার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল সকালে মাদ্রাসা ক্যাম্পাস থেকে একটি মিছিল বের হয়ে ঝাড়গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এ টি এম শামসুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মুজিবুর রহমান, আকরামুল হক, শামসুল হক, ইয়াছিন আলী, আশরাফুল ইসলাম, ইসমাইল হোসেন, গোলাম হোসেন, ইয়াকুব আলী প্রমুখ।