জঙ্গিবাদ প্রতিরোধে সুজনের মানববন্ধন শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ প্রতিরোধে দেশব্যাপী মানববন্ধনের আয়োজন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। ১৬ জুলাই শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে। ঢাকায় মানববন্ধন হবে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে।

মানববন্ধনে উদার, সহিষ্ণু ও বহুত্ববাদী সমাজ গড়ে তোলার জন্য জাতীয় ঐক্যের আহ্বান জানানো হবে। আজ রোববার সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খান ও সম্পাদক বদিউল আলম মজুমদারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাঁরা অসাম্প্রদায়িক ও গণতন্ত্রে বিশ্বাসী নাগরিকদের মানববন্ধনে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

হাফিজউদ্দিন খান ও বদিউল আলম মজুমদার বলেন, ২০১৩ সাল থেকে মুক্তচিন্তার লেখক, প্রকাশক ও সংস্কৃতিকর্মীদের হত্যার মাধ্যমে অন্তহীন মৃত্যুর এক মিছিলের সূচনা হয়েছে, যা বাংলাদেশকে এক প্রতিকারহীন আতঙ্কের জনপদে পরিণত করেছে। সর্বশেষ গুলশানের হলি আর্টিজান বেকারি ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি আক্রমণের মাধ্যমে উন্নয়ন সহযোগী ও বন্ধু রাষ্ট্রগুলোর নাগরিকদের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ দেশের শান্তিপ্রিয় নাগরিকদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ দুটি ঘটনা বাংলাদেশকে জঙ্গিবাদের নতুন এক স্তরে এনে ফেলেছে।

সুজনের সভাপতি ও সম্পাদক আরও বলেন, জঙ্গিবাদের উত্থান নিয়ে কোনো প্রকার দ্বিধা-সংশয়, দায় এড়ানো বা দোষারোপের সময় অতিক্রান্ত হয়েছে। বাস্তবতা হলো, বাংলাদেশ এখন জঙ্গি উপদ্রুত এলাকা। এ অবস্থা থেকে মুক্তি পেতে হবে। এ জন্য সম্ভাব্য হামলাকারীদের অনতিবিলম্বে চিহ্নিত করতে হবে এবং উগ্রপন্থার বিস্তারের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট চিহ্নিত করে তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।