জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, জঙ্গি নির্মূলে র্যাবসহ অন্য সব বাহিনী সক্রিয় রয়েছে। এ বিষয়ে তারা নজর রাখছে। কোনো অবস্থাতেই দেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না।
পাবনা সফরে এসে গতকাল রোববার দুপুরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরবর্তী করণীয় নিয়ে বৈঠক শেষে র্যাবের মহাপরিচালক এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন। পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ ব্রিফিং হয়।
র্যাবের প্রধান বলেন, গত এক বছরে র্যাব অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রায় ১ হাজার ১০০ সদস্যকে গ্রেপ্তার করেছে। পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে আরও অনেক সদস্য। এদের মধ্যে অনেকে জামিন নিয়ে বেরিয়ে এসেছে।
বেনজীর আহমেদ বলেন, ‘তবে আমরা নজর রাখছি। কোনো অবস্থাতেই এ দেশে জঙ্গিদের প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না।’
বেনজীর আহমেদ বলেন, পাবনার ঈশ্বরদীতে গির্জার যাজক লুক সরকার হত্যাচেষ্টার ঘটনায় জেএমবির সংশ্লিষ্টতা ছিল। ফলে এই জেলার ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বিভাগের সঙ্গে বৈঠক করা হয়েছে।
ব্রিফিংয়ের আগে অনুষ্ঠিত বৈঠকে র্যাবের মহাপরিচালক জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও করণীয় নিয়ে আলোচনা করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, র্যাব-১২-এর সিও শাহাবুদ্দিন খান, র্যাবের গোয়েন্দা শাখার প্রধান আবুল কালাম আজাদ, ডিজিএফআইয়ের রাজশাহীসহ পাঁচ জেলার প্রধান কর্নেল জি এস আদিল চৌধুরী, ডিজিএফআই রাজশাহী রেঞ্জের ডিডি আবদুস সবুর, পাবনার পুলিশ সুপার আলমগীর কবিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা।