জঙ্গিবাদ প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে গতকাল রোববার দুপুরে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নিয়ে বক্তারা এসব অপতৎপরতা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখা মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে দুপুর ১২টার দিকে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে সিপিবির জেলা সভাপতি আজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা শাখার সদস্যসচিব ইকবাল হোসেন, সিপিবির জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুব ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক আরশেদ আলী, কৃষক সমিতির জেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি এম আর লিটন প্রমুখ।
সিপিবির নেতা আজাহারুল ইসলাম বলেন, আওয়ামী লীগ স্বৈরাচার জাতীয় পার্টি আর বিএনপি রাজাকারদের দল জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে জোট বেঁধেছে। তাদের ক্ষমতার দ্বন্দ্ব, হানাহানি ও প্রতিহিংসার রাজনীতি, অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা দখলসহ বিভিন্ন কারণে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সরকারের পক্ষে এই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমন করা অসম্ভব। এ থেকে পরিত্রাণ পেতে দেশপ্রেমিক জনগণ ও আদর্শিক রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।