জঙ্গিবাদ প্রতিহত করার প্রত্যয়ে স্বাধীনতা দিবস উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে গাজীপুরের ইকবাল সিদ্দিকী কলেজের শিক্ষার্থীরা সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়ার শপথ গ্রহণ করেন। ছবিটি গতকাল সকালে তোলা l আবদুস সালাম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে গাজীপুরের ইকবাল সিদ্দিকী কলেজের শিক্ষার্থীরা সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়ার শপথ গ্রহণ করেন। ছবিটি গতকাল সকালে তোলা l আবদুস সালাম

জঙ্গিবাদকে প্রতিহত করে সমৃদ্ধ দেশ গড়ার দৃঢ় প্রত্যয়ের মধ্য দিয়ে জাতি গতকাল রোববার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করেছে। জাতিকে পরাধীনতার শৃঙ্খলমুক্ত করতে যে বীর সন্তানেরা অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছিলেন গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে দেশবাসী তাঁদের স্মরণ করেছে। সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদি ঢেকে গিয়েছিল অগণিত মানুষের নিবেদন করা ফুলে ফুলে।
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। শহরে ছিল উৎসবমুখর পরিবেশ। সড়ক ও সড়কদ্বীপগুলো সাজানো হয়েছিল জাতীয় ও রঙিন পতাকায়। সরকারি ছুটির দিন থাকায় সকাল থেকেই নানা বয়সী মানুষ বেড়াতে বের হয়। পাড়া-মহল্লার মোড়ে মোড়ে বেজেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও দেশাত্মবোধক গান।
সূর্যোদয়ের মুহূর্তে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোরদের কুচকাওয়াজ। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজসহ বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শন করে। প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। এ ছাড়া কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন, সন্ধ্যায় সরকারি ভবনে আলোকসজ্জা, দেশজুড়ে মসজিদ, মন্দির ও প্যাগোডায় দেশের কল্যাণ কামনায় প্রার্থনা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
দিবসটি উপলক্ষে ছায়ানট, জাতীয় জাদুঘর, জাতীয় প্রেসক্লাব, অফিসার্স ক্লাব ঢাকা, বাংলাদেশ শিশু একাডেমী, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইসলামিক ফাউন্ডেশন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিস্তারিত কর্মসূচি পালন করে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পথ হাঁটার কর্মসূচি পালন করে মুক্তিযুদ্ধ জাদুঘর।
সাভারে শ্রদ্ধা নিবেদন: সাভার থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, গতকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের লাখো শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি ও তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যখন জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তখন বিউগলে করুণ সুর বাজানো হয়। সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পরে শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে ফুল দেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী শ্রদ্ধা জানান। এ ছাড়া মুক্তিযোদ্ধা, বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এবারই প্রথম স্মৃতিসৌধের বেদি ও মূল ফটকের পাশে বড় পর্দায় মুক্তিযুদ্ধের বীরগাথা ও হানাদার বাহিনীর বর্বরতা, বঙ্গবন্ধুর দেশে প্রত্যাবর্তন ও স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থির ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়া মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী ও মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় স্মৃতিসৌধ কমপ্লেক্সজুড়ে হালকা সুরে বাজতে থাকে দেশের গান।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ ত্যাগ করার পরপরই সর্বস্তরের মানুষের ঢল নামে স্মৃতিসৌধে। সকাল সাড়ে নয়টায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে সকাল সোয়া নয়টায় বেগম খালেদা জিয়া স্মৃতিসৌধ এলাকায় এলে নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান।
স্মৃতিসৌধে আরও যারা শ্রদ্ধা নিবেদন করে তাদের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বর্ডার গার্ড বাংলাদেশ, সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র, জাকের পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি (জেপি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, সিডাব, রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, এডাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন প্রভৃতি। এর বাইরেও শ্রমিকদের একাধিক সংগঠন ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা শ্রদ্ধা নিবেদন করে।
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে ধানমন্ডির ৩২ নম্বরে অগণিত মানুষের সমাগম ঘটে। বঙ্গবন্ধু ভবনের সামনে ও তার আশপাশের সড়কগুলোতে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সকাল ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছুক্ষণ সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনাবাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল অভিবাদন জানায়। পরে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিভিন্ন সংগঠনের ব্যানারে উপস্থিত জনতার ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।