জঙ্গিবাদ, বাল্যবিবাহ ঠেকানোর শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গতকাল মঙ্গলবার দুপুরে জঙ্গিবাদ, মাদক, উত্ত্যক্ত ও বাল্যবিবাহ প্রতিরোধে তিনটি বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী শপথ ও লাল কার্ড প্রদর্শন করেছে। শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে ওই শপথ ও লাল কার্ড প্রদর্শন অনুষ্ঠান হয়।
উপজেলার বেগম খালেদা জিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে গতকাল দুপুরে ভজনপুর উচ্চবিদ্যালয়, বেগম খালেদা জিয়া বালিকা উচ্চবিদ্যালয় ও ভজনপুর বেগম ফকরুন্নেসা ফাজিল মাদ্রাসার ১ হাজার ৫৫০ জন শিক্ষার্থী ওই শপথ ও লাল কার্ড প্রদর্শন করে।
ওই সব শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, শপথ শেষে জঙ্গিবাদ, মাদক, উত্ত্যক্ত, বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সানিউল ফেরদৌস, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেশ চন্দ্র, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, লাল সবুজ উন্নয়ন সংঘ শাখার উপদেষ্টা মশিউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা মাদক, উত্ত্যক্ত ও বাল্যবিবাহ বন্ধ, সমস্যার সমাধানে ইউএনও, উপজেলা চেয়ারম্যান ও পুলিশ কর্মকর্তার কাছে নানা প্রশ্ন রাখে। অতিথিরা তাদের প্রশ্নের জবাব ও সমস্যা সমাধানের উওর দেন। নিয়মিত পড়াশোনা করে আদর্শ মানুষ হওয়া, সব ধরনের মাদক ও উত্ত্যক্তকে ‘না’ বলা, ছেলেদের ২১ ও মেয়েদের ১৮ বছরের আগে বিবাহবন্ধনে আবদ্ধ না হওয়ার শপথ পাঠ করান ইউএনও।