দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দেশের মানুষ চারদলীয় জোট সরকারের শাসনামলের জঙ্গিবাদ, বোমাবাজি, লুটপাটের কথা ভোলেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের যে উন্নয়ন হয়েছে, তাতে বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে এই সরকারকেই নির্বাচিত করবে।
গতকাল মঙ্গলবার বিকেলে দিনাজপুরের খানসামা উপজেলায় এক জনসভায় প্রধান অতিথি হিসেবে দেওয়া বত্তৃদ্ধতায় মন্ত্রী এসব কথা বলেন।
বিকেল পাঁচটা ৩০ মিনিটে খানসামা উপজেলার টঙ্গুয়া হাসনাবাগ কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত ওই জনসভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মানিক সরকার। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ জেড এম শামীম, খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরীসহ স্থানীয় নেতারা।
ত্রাণমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে কৃষিতে বিপ্লব সাধিত হয়েছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। মানুষের মাথাপিছু আয় এক হাজার ডলার ছাড়িয়েছে। বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা বিনা মূল্যে নতুন বই উৎসবের মধ্যে পাচ্ছে। বোমাবাজি, জঙ্গিবাদ দমন করা হয়েছে। সার-বীজ কীটনাশকের দাম অনেক কমেছে। চার হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে।
এর আগে সকালে মন্ত্রী খানসামা উপজেলার ৪৭টি পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানে পল্লি বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন করেন। বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ পাওয়া ৯৪৪ জন যুবকের মধ্যে সনদ এবং ৬৪৫ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন।
সমাজসেবা অধিদপ্তরের অধীন পাঁচটি সংঠনের মাঝে ১০ হাজার টাকা করে অনুদান মহিলাবিষয়ক অধিদপ্তরের অধীন চারজন নারীকে সেলাই মেশিন, দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা করে অনুদান বিতরণ করেন।
দুপুরে ৫৪ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মিত ভাবকী ইসলামিয়া আলিম মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মন্ত্রী।