সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দেশবাসীর আরও সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে সন্ত্রাসবাদ ও জঙ্গি দমনে তারা অন্যদের চেয়েও বেশি সক্ষম।
জঙ্গি-সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা বিভিন্ন দেশে প্রতিনিয়তই ঘটে চলেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ইউরোপ, ইংল্যান্ড, আমেরিকা—এমন কোনো জায়গা নেই যেখানে এমন ঘটনা না ঘটছে। কিন্তু বাংলাদেশে আমরা এটুকু বলতে পারি যে, ত্বরিত সিদ্ধান্ত নিয়ে যখন যেখানে যা ঘটছে, তা আমরা মোকাবিলা করতে সক্ষম। সেটা আমরা প্রমাণ করেছি।’
শোকের মাস আগস্টের শুরুতে গতকাল সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি-পরবর্তী আলোচনা সভায় এ কথা বলেন। ধানমন্ডির বঙ্গবন্ধু জাদুঘরের সামনে এর আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু জাদুঘরের সামনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যেকোনো ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলার মানুষ আজকে ঐক্যবদ্ধ। অবৈধ ক্ষমতা দখলের, ষড়যন্ত্রের রাজনীতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এই দেশের মানুষ।
প্রধানমন্ত্রী বলেন, নতুন একটা উৎপাত শুরু হয়েছে জঙ্গিবাদ-সন্ত্রাস। যখনই যে বা যারা এসব কাজে ধরা পড়ছে, তাদের যদি গোড়ায় যাওয়া যায় তাহলে দেখা যাচ্ছে যে, যারা এ দেশের স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী বা ওই আলবদর-রাজাকার—তাদেরই এরা সৃষ্ট বা দোসর।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই মাস শোকের, শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলার মানুষের মুখে হাসি ফুটাবার প্রতিজ্ঞা নিয়েই এগিয়ে যাচ্ছি। দেশের মানুষের দোয়া চাই। আমরা দুই বোন, বাংলার মানুষের দোয়াই আমাদের চলার পথের পাথেয়।’
প্রধানমন্ত্রী ১৯৭৫-এর বিয়োগান্ত অধ্যায়ের কথা স্মরণ করে বলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্ট আমার বাবাসহ পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। যারা বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি, তারাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।’
অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্ট নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। কৃষক লীগের সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে শোকের মাস আগস্টের প্রথম দিন অতিবাহিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির শুরু হয়। আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, বাংলাদেশ ছাত্রলীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা মোমবাতি প্রজ্বালন করেন এবং আলোর মিছিল বের করেন। এ সময় জাতির জনকের খুনিদের বিচারের দাবি জানান তাঁরা। সেখানে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করেও দোয়া করা হয়।
১৯৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। এবার ৪১তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিকেলে বঙ্গবন্ধু ভবনের সামনে কৃষক লীগ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শুরু করেছে। পাশাপাশি আয়োজন করা হয় আলোচনা সভার। একইভাবে বিভিন্ন জেলায় জেলায় কর্মসূচি পালন করেছে স্থানীয় আওয়ামী লীগ।