জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশের পদক্ষেপে বিশ্বনেতাদের সমর্থন
সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং কূটনীতিকেরা। নেতারা ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে রাজধানীর গুলশানে রেস্তোরাঁয় এবং শোলাকিয়ায় ঈদের জামাতের কাছে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়।
গুলশানে রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার পরপরই নেতারা ও সংস্থাগুলো বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো বার্তায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের প্রতি সমর্থন জানান। কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতের কাছে হামলার পরও তাঁরা সমর্থন পুনর্ব্যক্ত করেন।
সহিংস উগ্রবাদ মোকাবিলায় সহযোগিতা করতে জাতিসংঘের প্রস্তুতির কথা উল্লেখ করে বাংলাদেশ সরকারকে আশ্বস্ত করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
সাম্প্রতিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল শনিবার বলেন, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের মূলোৎপাটনে বাংলাদেশকে যেকোনো সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত।
বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পাঠানো এক বার্তায় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি অপশক্তিগুলোকে পরাজিত করার শক্তি অর্জনে বাংলাদেশ সরকারকে সম্ভাব্য সব সহায়তা দেওয়ার কথা বলেছেন।
এ ছাড়া সন্ত্রাসী হামলার নিন্দা করে বিবৃতি দিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টবগে, ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী ক্রিশ্চিয়ান জেনসন, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক, কানাডার হাইকমিশনার বেনোয়েট পিয়েরে লারাম ও রুশ দূতাবাস।