জঙ্গিবাদ মোকাবিলায় সহশিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্বারোপ

সারা দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গতকাল শনিবার বিভিন্ন স্থানে সমাবেশ, শোভাযাত্রা ও মানববন্ধন হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আহ্বানে এ কর্মসূচি পালন করা হয়। কুষ্টিয়ায় বক্তারা জঙ্গিবাদ মোকাবিলায় সহশিক্ষা কার্যক্রমের ওপর জোর দেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশাল: বেলা সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা সমাবেশ, আলোচনা সভা ও শোভাযাত্রা করেন। এতে বক্তারা বলেন, শিক্ষার্থীরা যাতে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত না হতে পারে সে জন্য প্রধান ভূমিকা রাখতে হবে অভিভাবক ও শিক্ষকদের।
কুষ্টিয়া: সকাল থেকে দুপুর পর্যন্ত কুষ্টিয়া ও মেহেরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মতবিনিময় সভা ও মানববন্ধন হয়। বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠচক্র, বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সহশিক্ষা কার্যক্রম নিয়মিত হলে শিক্ষার্থীরা জঙ্গিবাদ ও সন্ত্রাসের মতো ঘৃণ্য কাজে কখনোই জড়াতে পারবে না।
ইসলামী বিশ্ববিদ্যালয়: সকাল সাড়ে ১০টায় উপাচার্য রাশিদ আসকারীর নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। বেলা ১১টায় সহ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমানের সভাপতিত্বে টিএসসিসি মিলনায়তনে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভা হয়। সভা শেষে জঙ্গিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
ভোলা: সকাল থেকে পাঁচ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার খেয়াঘাট সড়কে আনাস বিন মালিক (রহ.) ইসলামি কমপ্লেক্সে দুপুর ১২টায় সভা হয়। সেখানে পাঁচ শতাধিক ছাত্র-অভিভাবক উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা: সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সমাবেশ হয়। এসব সমাবেশে জেলা প্রশাসক সায়মা ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক আনজুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানসহ প্রশাসন প্রমুখ বক্তব্য দেন।
ফরিদপুর: বেলা ১১টার দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সমাবেশ হয়। একই সময় গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা হয়। সেখানে উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন বলেন, জঙ্গিরা ছাত্রছাত্রীদের টার্গেট করে বিভ্রান্ত করছে। সবাইকে এর বিরুদ্ধে কাজ করতে হবে।
সাতক্ষীরা: বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে আলোচনা সভা হয়। এ ছাড়া টাউন গার্লস হাইস্কুল, সরকারি বালক উচ্চবিদ্যালয়, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ কয়েক শ শিক্ষাপ্রতিষ্ঠানে শপথবাক্য পড়ানো হয়।
পিরোজপুর: বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মতবিনিময় সভা হয়েছে। এ ছাড়া পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে সকালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচিতে বক্তারা জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
নড়াইল: সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা সমাজ তথা দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ উৎখাতের জন্য পাড়া-মহল্লায় কমিটি গঠনের আহ্বান জানান। সমাবেশে সমাজ থেকে জঙ্গিবাদ উৎখাতের জন্য শপথ করানো হয়।