জঙ্গিবাদ মোকাবিলার উপায় নিয়ে কথা বলবে দুই দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় আরও ঘনিষ্ঠভাবে কাজ করার উপায় নিয়ে আলোচনা হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের আসন্ন নিরাপত্তা সংলাপে। আগামী অক্টোবরে ঢাকায় এই আলোচনা হবে।
গতকাল মঙ্গলবার পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত এ নিয়ে আলোচনা করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গতকাল বিকেলে তাঁরা ঘণ্টা খানেক দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বাংলাদেশসহ বিশ্বজুড়ে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে দুই দেশের পঞ্চম নিরাপত্তা সংলাপে সহযোগিতা আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পাবে। এর আগে চারবারের বৈঠকেই আঞ্চলিক সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদ নিয়ে আলোচনা হয়েছে। এবারের বৈঠকে সাম্প্রতিক হামলাগুলোর কারণে বিষয়টি নিয়ে বড় পরিসরে আলোচনা হতে পারে।
তৃণমূল পর্যায়ে জঙ্গিবাদ দমনের চুক্তি: তৃণমূল পর্যায়ে তরুণসহ সবচেয়ে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে জঙ্গিবাদের ভয়াল থাবা থেকে রুখতে গতকাল স্থানীয় দুটি সাহায্য সংস্থার সঙ্গে চুক্তি সই করেছে গ্লোবাল কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স ফান্ড (জিসিইআরএফ-জিসার্ফ)।
গতকাল দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জিসার্ফের নির্বাহী পরিচালক খালিদ খোসার এবং ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ও রূপান্তর এ বিষয়ে চুক্তিতে সই করে। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিন বছর মেয়াদি ওই চুক্তির আওতায় চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা ও কক্সবাজার জেলায় তরুণ, নারীসহ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হবে। গতকালের চুক্তি সই অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ছাড়া বিভিন্ন দেশের কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জিসার্ফ হচ্ছে স্থানীয় ও তৃণমূল পর্যায়ে সব ধরনের উগ্রপন্থা দমনের সরকারি-বেসরকারি অংশীদারত্বের বৈশ্বিক উদ্যোগ। এই উদ্যোগের প্রতিষ্ঠাতা সদস্যদেশগুলোর অন্যতম হচ্ছে বাংলাদেশ। সন্ত্রাসবাদ দমনে সাফল্যের অভিজ্ঞতায় এই তহবিলের প্রাথমিক প্রকল্পের জন্য যুক্ত হয়েছে বাংলাদেশ।