জঙ্গিবাদ মোকাবিলায় জনগণের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কার্যক্রমে জনগণের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল বৃহস্পতিবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় সংসদে এক অনির্ধারিত আলোচনায় দলীয় সভানেত্রী শেখ হাসিনা এ সহযোগিতা কামনা করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী কার্যক্রম নেওয়ায় বাংলাদেশে আজ শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। সে পরিবেশ আমরা সৃষ্টি করেছি। এখানে দেশবাসীর সহযোগিতা চাই। কারণ, কিছু তো থাকেই সব সময় একটা ষড়যন্ত্রে লিপ্ত।’
শেখ হাসিনা বলেন, ‘সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করেছে, সুরক্ষিত করেছে, আর্থসামাজিক উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা যেন দেশকে এগিয়ে নিয়ে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে পারি। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাই কামনা করি। আমরা দেশবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করি।’
শেখ হাসিনা আওয়ামী লীগসহ সব সাংসদকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে পেরেছি। আমি দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।’ আওয়ামী লীগের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ‘আওয়ামী লীগের ৬৭ বছরের ইতিহাস একদিকে সংগ্রামের ইতিহাস, ত্যাগের ইতিহাস, অন্যদিকে দেশ স্বাধীন করার এবং স্বাধীন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ইতিহাস। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই, তাঁরা সব সময় আওয়ামী লীগের পাশে থেকেছেন, আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন।’
আওয়ামী লীগের সভানেত্রী বলেন, অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে এগোতে হয়েছে। বারবার আঘাত এসেছে। শহীদের তালিকাও যদি দেখি, তাহলে ছাত্রলীগ-যুবলীগ প্রতিটি আন্দোলনে জীবন দিয়ে গেছে। প্রত্যেকটি স্বৈরাচারের গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়ামী লীগ লড়াই করেছে এবং বিজয় ছিনিয়ে এনে জনগণের হাতে তুলে দিয়েছে। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে উন্নীত করব। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার মধ্যে একটা উন্নত দেশ।’
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে এই অনির্ধারিত আলোচনার সূত্রপাত করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, পৃথিবীর কোনো দল কোনো দেশে চার-চারটি সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করেনি। আওয়ামী লীগ একমাত্র দল, এই দেশে চারটি সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে।