জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে দৃঢ় সহযোগিতা বিদ্যমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। ছবি: সংগৃহীত
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। ছবি: সংগৃহীত

ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন বলেছেন, জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দৃঢ় সহযোগিতার সম্পর্ক বিদ্যমান। উভয় দেশ চরমপন্থা ও সহিংসতার নিন্দা জানিয়ে আসছে। দুই দেশই মনে করে, গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই।

গত মঙ্গলবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের নীতিগত অগ্রাধিকার-যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক শক্তির সঙ্গে সম্পর্ক’ শীর্ষক এক বক্তৃতায় এসব কথা বলেন জিয়াউদ্দিন।

হার্ভার্ডের কেনেডি স্কুল অব গভর্নমেন্টের পরিচালক ক্যাথরিন ক্লুভারের সঞ্চালনায় দেওয়া বক্তৃতায় জিয়াউদ্দিন বলেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক প্রাতিষ্ঠানিক। গণতান্ত্রিক শাসনে বারাক ওবামা ও শেখ হাসিনা পরস্পরকে গুরুত্বপূর্ণ অংশীদার মনে করেন।

বাংলাদেশের এই রাষ্ট্রদূত বলেন, উভয় দেশের (বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র) অংশীদারত্ব, নিরাপত্তা ও সামরিক খাতে নিয়মিত সংলাপ হয়ে আসছে। পারস্পরিক স্বার্থের দিকে লক্ষ রেখে বিনিয়োগ ও বাণিজ্য খাতেও দুই দেশের মধ্যে আলোচনা চলমান।

বিশ্ব বাণিজ্য, অর্থনীতি, দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু সমস্যা মোকাবিলাসহ খাদ্যনিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান বলে উল্লেখ করেন জিয়াউদ্দিন।

জিয়াউদ্দিন বলেন, সঠিক পররাষ্ট্রনীতির কারণে চীন, ভারত, জাপান, রাশিয়াসহ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশ সমান গুরুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে।

ভারত-বাংলাদেশ সম্পর্ক এখন সেরা অবস্থায় উল্লেখ করে রাষ্ট্রদূত জিয়াউদ্দিন বলেন, জঙ্গিবাদ দমনে ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে। জ্বালানি খাতে সাম্প্রতিক সহযোগিতা ভারতের সঙ্গে সম্পর্কের নতুন মাত্রা সৃষ্টি করেছে বলে উল্লেখ করেন তিনি।

চীনকে বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী উল্লেখ করে জিয়াউদ্দিন বলেন, চীনের বিনিয়োগের জন্য দুটি অর্থনৈতিক অঞ্চল প্রদান করা হয়েছে। চীন থেকে সামরিক সহযোগিতাসহ প্রযুক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা পেয়ে আসছে বাংলাদেশ।

হার্ভার্ডের কেনেডি স্কুল অব গভর্নমেন্টের শিক্ষার্থী ও গবেষকেরা প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে রাষ্ট্রদূত জিয়াউদ্দিনের কাছে রানা প্লাজা ধস, বাংলাদেশে সাম্প্রতিক হত্যাকাণ্ড, জঙ্গিবাদ দমনসহ নানা বিষয়ে জানতে চান।

অনুষ্ঠানে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল শামীম হাসান ও ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর তৌফিক হাসান উপস্থিত ছিলেন।