জঙ্গিবাদ যে নামেই আসুক দমন করব: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: ফোকাস বাংলা মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে নাগরিক ছাত্র ঐক্য গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে গেলে পুলিশ তাদের বাধা দেয় ও ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করে l ছবি: প্রথম আলো
ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: ফোকাস বাংলা মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে নাগরিক ছাত্র ঐক্য গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে গেলে পুলিশ তাদের বাধা দেয় ও ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করে l ছবি: প্রথম আলো

জঙ্গি ও সন্ত্রাসবাদ দমন করে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, তাঁর সরকার কোনোভাবেই বাংলার মাটিতে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিস্তার হতে দেবে না। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ যে নামে, যেভাবেই আসুক না কেন, তা দমন করা হবে।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল শনিবার সকালে ‘জনপ্রশাসন পদক ২০১৬’ বিতরণকালে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
জঙ্গি দমনে সরকারের জিরো টলারেন্সের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা বাংলার মাটিতে হতে দেব না। মানুষের শান্তি, নিরাপত্তা আমরা নিশ্চিত করব। আমি বিশ্বাস করি, অবশ্যই আমরা তা পারব। তা যে পারি, সেটা বিশ্বকে আমরা দেখিয়েছি।’ এ সময় তিনি ১০ ঘণ্টার মধ্যে গুলশানে জঙ্গি হামলার ঘটনার সমাপ্তির কথা বলে এটিকে সরকারের সাফল্য বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৩০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে জনপ্রশাসন পদক বিতরণ করেন। জনজীবনে শান্তি ফিরিয়ে আনার অঙ্গীকারের পাশাপাশি সরকারি কর্মকর্তাদের প্রভু হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে নিজ নিজ দায়িত্ব পালন এবং সরকারের উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত নিষ্পত্তিতে আন্তরিক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

পদক পেলেন যাঁরা: জাতীয় পর্যায়ে সাধারণ ক্ষেত্রে ব্যক্তিগত শ্রেণিতে পদক পেয়েছেন বিসিএস (প্রশাসন) একাডেমির উপপরিচালক রহিমা খাতুন। দলগত শ্রেণিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্মসূচির পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জাহিদ হোসেন পনির, বিসিএস (প্রশাসন) একাডেমির সহকারী পরিচালক জি এম সরফরাজ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব তন্ময় কুমার মজুমদার ও যশোরের সহকারী প্রোগ্রামার মো. মোতাহার হোসেন। প্রাতিষ্ঠানিক শ্রেণিতে পদক পেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট (জিআইইউ)।

জাতীয় পর্যায়ে কারিগরি ক্ষেত্রে ব্যক্তিগত শ্রেণিতে পদক পান সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। দলগত শ্রেণিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) শাহীন আরা বেগম, সহকারী কমিশনার জয়া মারিয়া পেরেরা ও সহকারী কমিশনার বেগম ফারহানা আফসানা চৌধুরী পদক পান। জাতীয় পর্যায়ে প্রাতিষ্ঠানিক শ্রেণিতে পদক পায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্মসূচি।

জেলা পর্যায়ে সাধারণ ক্ষেত্রে ব্যক্তিগত শ্রেণিতে পঞ্চগড়ের উপজেলা সমবায় কর্মকর্তা মো. মামুন কবির, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ইউএনও রাজীব কুমার সরকার ও চুয়াডাঙ্গার দামুড়হুদার ইউএনও মো. ফরিদুর রহমান। দলগত শ্রেণিতে ফেনীর সাবেক জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. এনামুল হক, ফেনীর পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী, ফেনী সদরের ইউএনও পি কে এম এনামুল করিম, লেমুয়া ইউনিয়নের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রবীন্দ্র নাথ দত্ত, ছনুয়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মীর আজম হোসেন, রংপুরের সাবেক জেলা প্রশাসক ফরিদ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পীরগঞ্জের সাবেক ইউএনও এ টি এম জিয়াউল ইসলাম, সাবেক সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল ইসলাম ও আরেকজন সাবেক সহকারী কমিশনার (ভূমি) এস এম গোলাম কিবরিয়া।

সাধারণ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শ্রেণিতে চট্টগ্রাম কর কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল-২ ও জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পর্যায়ে কারিগরি ক্ষেত্রে ব্যক্তিগত শ্রেণিতে পদক পান খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ইউএনও বি এম মশিউর রহমান।

জঙ্গি মদদদাতাদের শাস্তি নিশ্চিত করা হবে: নিজস্ব প্রতিবেদক জানান, জঙ্গিদের অর্থদাতা ও মদদদাতা যত শক্তিশালীই হোক, তাদের শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘জঙ্গিদের মদদদাতা সে কে, এটা আমি দেখতে চাই না। আমরা জঙ্গিবাদের শিকড় খুঁজতে নেমেছি। কোথায় তারা অর্থ পেল, কারা তাদের অস্ত্র দিল, আমরা খুঁজে বের করব। তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে।’

গতকাল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। গুলশান হামলার তদন্তে অগ্রগতি হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তদন্ত কমিটি কাজ করছে। আমরা সতর্কতা ও সচেতনতা অবলম্বন করছি। কোথা থেকে তারা (জঙ্গিরা) অর্থ ও অস্ত্র পেল। কারা হামলা করতে উৎসাহিত করল। সব বের করতে পারব।’

প্রধানমন্ত্রী আরও বলেন, গুলশানে যে জঘন্য হামলা হয়েছে তা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয়। বিশেষ করে মেয়েগুলোর ওপর যেভাবে অত্যাচার চালানো হয়েছে, কাঁটা চামচ দিয়ে খোঁচানো হয়েছে, ঠান্ডা মাথায় এভাবে কেউ করতে পারে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সূচনা বক্তব্যের পর শেখ হাসিনার সভাপতিত্বে রুদ্ধদ্বার বৈঠক হয়। উপস্থিত একাধিক নেতা জানান, ওই বৈঠকে সারা দেশে দ্রুত সন্ত্রাসবিরোধী কমিটি করার তাগিদ দেন প্রধানমন্ত্রী।