জঙ্গিবাদ যেন মাথাচাড়া দিতে না পারে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো পরিস্থিতিতে আত্মবিশ্বাস নিয়ে দায়িত্ব পালন এবং সরকারের জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে ভূমিকা রাখতে প্রশাসনের নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ৯৮ ও ৯৯তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
দেশব্যাপী সরকারের জঙ্গিবাদবিরোধী সামাজিক আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আজ ধর্মের নামে উন্মাদনা সৃষ্টি করে মানুষ হত্যা করা হচ্ছে। এর মধ্য দিয়ে একদিকে ইসলাম ধর্মকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, অন্যদিকে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। কাজেই এসব থেকে মানুষকে দূরে রাখতে মসজিদের ইমাম, শিক্ষক, অভিভাবকসহ সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলা হয়েছে, যেন ধর্মীয় সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ কখনো মাথাচাড়া দিতে না পারে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশকে দক্ষিণ এশিয়ায় একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সেটাই আমাদের লক্ষ্য।’
প্রধানমন্ত্রী নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সব চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে। উদ্ভাবনী চিন্তাভাবনা সব সময় থাকতে হবে। মানুষের সেবা করাই হচ্ছে সবচেয়ে বড় কথা।
শেখ হাসিনা তাঁর সরকারের উদ্যোগে প্রশাসনের কর্মকর্তাদের দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণের উদ্যোগের কথা উল্লেখ করেন। এ সময় দেশব্যাপী মাঠপর্যায়ে জনগণকে সেবা দেওয়ার জন্য ইনোভেশন টিম গড়ে তোলা এবং তাঁর কার্যালয়ের এটুআই প্রকল্পের সাহায্যে একটি ফান্ড গড়ে তোলা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘এক দিনে ১৩ জন সচিবের চাকরি খেল। সামরিক বাহিনীর অবস্থা তো আরও খারাপ। প্রায় বারো শ কর্মকর্তাকে সামরিক বাহিনী থেকে বিদায় দিয়ে দিল।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৯৮ ও ৯৯তম আইন ও প্রশাসন কোর্সের শিক্ষার্থীদের মধ্যে সনদ এবং শীর্ষস্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোজাম্মেল হক খান। শুভেচ্ছা বক্তব্য দেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর এম আসলাম আলম।