জঙ্গিবাদ রুখতে আলেমদের এগিয়ে আসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল জাতীয় ইমাম সম্মেলন ও জাতীয়  শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l বাসস
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল জাতীয় ইমাম সম্মেলন ও জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l বাসস

জঙ্গিবাদ ও সন্ত্রাস উচ্ছেদ করে দেশে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের ধারা বজায় রাখতে ওলামা-মাশায়েখসহ ইসলামি চিন্তাবিদদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আপনাদের কথা মানুষ শুনবে, আপনাদের কথা মানুষ মানবে। আমি আহ্বান করেছিলাম, জনগণ এ ব্যাপারে সাড়া দিয়েছেন এবং বেশ কিছু কাজও করেছেন। আমি চাই এটা আরও ব্যাপকভাবে প্রচার হোক।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত জাতীয় ইমাম সম্মেলন এবং শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আলেম ও ইমামদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুসলিম দেশগুলোকে রক্তাক্ত করছে। আমরা চাই আপনারা যদি মানুষকে ভালোভাবে বোঝান তাহলেই আমরা এ দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ চিরতরে নির্মূল করতে পারব। সে বিশ্বাস আমার আছে।
প্রধানমন্ত্রী বলেন, আজকের দিনে একটি বড় সমস্যা মাদকাসক্তি। অপরটি সন্ত্রাস ও জঙ্গিবাদ। এদের হাত থেকে আমাদের শিশুদের, যুবসমাজ তথা দেশবাসীকে রক্ষা করতে হবে। মানুষের ভেতর যদি সচেতনতা থাকে, যদি এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে সন্ত্রাস ও জঙ্গিবাদ দেশ থেকে চিরতরে দূর হবে।
জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, ‘আমরা সমগ্র বিশ্বকে দেখাতে চাই বাংলাদেশই পারবে শান্তি প্রতিষ্ঠা করে সত্যিকার ইসলাম ধর্মের মূল মর্মবাণী মানুষের মাঝে ছড়িয়ে দিতে। মানুষ যেন সুখে-শান্তিতে বসবাস করতে পারে তা নিশ্চিত করতে।’ তিনি বলেন, দেশে চলমান উন্নতির ধারাবাহিকতা বজায় রাখতে হলে শান্তি প্রয়োজন। আর এই শান্তি রক্ষা হবে জঙ্গিবাদ-সন্ত্রাস দমন করতে পারলে।
প্রধানমন্ত্রী বলেন, সৌদি সরকারের সহযোগিতায় প্রতিটি জেলা ও উপজেলায় ‘মডেল মসজিদ কাম ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র’ প্রতিষ্ঠার কাজ হাতে নেওয়া হয়েছে। এ কমপ্লেক্সে ইসলামিক ফাউন্ডেশন ভবনসহ মহিলাদের জন্য পৃথক নামাজ কক্ষ, মুসলিম পর্যটক ও মেহমানদের বিশ্রামাগার থাকবে। থাকবে হজযাত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা, ইসলামি লাইব্রেরি ও সাংস্কৃতিক কার্যক্রম।
আলেম-ওলামাদের তত্ত্বাবধানে একটি অর্থনৈতিক জোন করার চিন্তাভাবনা সরকারের রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে যাতে আয় বাড়ানো যায় এ জন্য শুধু আলেম-ওলামাদের তত্ত্বাবধানে পরিচালিত হবে এমন একটি অর্থনৈতিক জোন তৈরির চিন্তাভাবনা চলছে।
হালাল খাদ্য ও পণ্য উৎপাদনকারী প্রতিটি প্রতিষ্ঠান পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধানে ইসলামিক ফাউন্ডেশন অনুমোদনপ্রাপ্ত একজন করে আলেম নিয়োগদানের বিষয়টি বিবেচনায় আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এতে আলেম-ওলামাদের কর্মক্ষেত্র সম্প্রসারিত হবে। বিদেশে বাংলাদেশের হালাল দ্রব্যের চাহিদা ও গ্রহণযোগ্যতা বাড়বে।
ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম ডিজিটালে রূপান্তর করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সব মসজিদ, মাদ্রাসা, খানকা ও দ্বীনি প্রতিষ্ঠানের তথ্যসংবলিত একটি ডেটাবেইস তৈরির কাজ চলছে। প্রতিটি জেলায় একটি করে আরবি ভাষা শিক্ষা কোর্স চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ২০১৫-২০১৬ বছরের ছয়জন শ্রেষ্ঠ ইমাম এবং ২০১৪-২০১৫ সালের ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত দেশব্যাপী শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন।