জঙ্গিবাদ রুখতে চাই সুস্থ সংস্কৃতির চর্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুস্থ সংস্কৃতি চর্চা রুখবে জঙ্গিবাদ’ প্রতিপাদ্য নিয়ে গতকাল বুধবার মানিকগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম আলো মানিকগঞ্জ বন্ধুসভা অনুষ্ঠানের আয়োজন করে।
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মিলনায়তনে সকাল সাড়ে ১০টার দিকে বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। এ সময় জঙ্গিবাদের বিরুদ্ধে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান। বক্তব্য দেন উপাধ্যক্ষ আশরাফুন্নেছা, সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বিপা চৌধুরী, ক্রীড়া সংগঠক ও মানিকগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা দীপক কুমার ঘোষ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী এবং মানিকগঞ্জ বন্ধুসভার সভাপতি মাহবুব আলম। এ সময় প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি হাসান মাহমুদ, মানিকগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা বিমল রায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. শাহজাহান বলেন, ‘শিক্ষার্থীদের জঙ্গিবাদের কুফল ও এর পরিণতির কথা জানাতে ও বোঝাতে হবে। আমাদের সন্তানদের বোঝাতে হবে নিহত জঙ্গিদের লাশ কেন তাদের পরিবার গ্রহণ করছে না। এ দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। সুস্থ সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে জঙ্গিবাদ রুখতে হবে।’
বিপা চৌধুরী বলেন, ‘শিক্ষার মাধ্যমে জ্ঞান লাভ হয় আর সুস্থ সংস্কৃতি সমাজকে আলোকিত করে। আমাদের কলেজে এ ধরনের আয়োজন করায় আমরা আনন্দিত।’
আলোচনা পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে মানিকগঞ্জ বন্ধুসভার সদস্যরা দেশাত্মবোধক, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত ও আধুনিক গান পরিবেশন করেন। এ ছাড়া নৃত্য পরিবেশন ও আবৃত্তি উপস্থিত শত শত শিক্ষার্থী ও সুধীজনকে মুগ্ধ করে।