
বাংলাদেশের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে জঙ্গিবাদের থাবা থেকে তরুণদের রক্ষায় তাঁদের কাছে ভিন্ন মতাদর্শ নিয়ে যেতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইটা সরকারের একার নয়। এ লড়াই সফল করতে পুরো সমাজ, বিশেষ করে তরুণদের যুক্ত করতে হবে। তরুণদের মনের ভাষা বুঝতে হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিস মিলনায়তনে অনুষ্ঠিত জঙ্গিবাদী হামলাবিষয়ক এক সেমিনারে বক্তারা এ অভিমত দেন।
বক্তারা মনে করেন, বাংলাদেশ যখন জঙ্গিবাদের মতো জটিল এক সমস্যার মুখোমুখি, তাই দেশে-বিদেশে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো সমন্বয়ের মাধ্যমে এ সমস্যা সমাধানে কাজ করা উচিত। বেকারত্ব, একাকিত্ব, সম্পর্কের বাঁধন খসে পড়া, খেলাধুলার মাঠের অভাবের মতো সমস্যাগুলো দূর করতে হবে, যাতে করে তরুণেরা জঙ্গিবাদে আকৃষ্ট হতে না পারেন।
‘রিসেন্ট এক্সট্রিমিস্ট ভায়োলেন্স ইন বাংলাদেশ: রেসপন্স অপশন্স’ শীর্ষক দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস)। উদ্বোধনী ও সমাপনী অধিবেশন ছাড়া সেমিনারে দুটি আলাদা কর্ম অধিবেশন ছিল।
বিসের পরিচালনা পরিষদের সভাপতি মুন্সি ফয়েজ আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএলডিএসের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ। স্বাগত বক্তব্য দেন বিসের মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আবদুর রহমান।
বিসের মহাপরিচালক মেজর জেনারেল আবদুর রহমান জানান, গুলশান ও শোলাকিয়া হামলার প্রেক্ষাপটে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।
ওই অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। গুলশানের রেস্তোরাঁ ও শোলাকিয়ায় ঈদের জামাতে হামলার ঘটনার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক দুই বিয়োগান্ত ঘটনার পর এ ধরনের হামলার পুনরাবৃত্তি রুখতে সরকার সারা দেশের নিরাপত্তা জোরদার করেছে। যেকোনো মূল্যে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও মৌলবাদের আঁতাত ভেঙে বাংলাদেশ থেকে তাদের নির্মূলে সরকার বদ্ধপরিকর।
সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি জঙ্গিদের বিরুদ্ধে অত্যন্ত দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেওয়ার পক্ষে মত দেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় জঙ্গিদের মতো নৃশংস না হওয়ার পরামর্শ দেন তিনি।
পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সভাপতিত্বে আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন করেন মুন্সি ফয়েজ আহমেদ।
মো. শহীদুল হক বলেন, জঙ্গিবাদের সমস্যাকে শুধু নিরাপত্তার প্রেক্ষাপটে দেখলেই চলবে না। এ সমস্যার সমাধান করতে হলে বিষয়টিকে সামাজিক ও উন্নয়নের প্রেক্ষাপট থেকে বিবেচনায় নিতে হবে। তরুণদের জঙ্গিবাদ থেকে নিরুৎসাহিত করতে তাঁদের যুক্ত করে ভবিষ্যতে আলোচনার উদ্যোগ নেওয়া হবে।
সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন দ্বিতীয় কর্ম অধিবেশনে সভাপতিত্ব করেন। সঞ্চালক হিসেবে আলোচনায় উপসংহার টেনে তিনি সংকট উত্তরণে কিছু পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, রাজনৈতিক চর্চার ক্ষেত্র সংকুচিত হয়ে আসা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরস্পরের সঙ্গে সমন্বয়হীনতা, বৈশ্বিক সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের ধারণার অভাব এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিল না থাকার মতো সমস্যাগুলোর সমাধান করা জরুরি। এ জন্য জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন, আপৎকালীন নিরাপত্তা বাহিনীর মধ্যে জোরালো সমন্বয় সাধন, বিদেশ থেকে শুধু প্রশিক্ষণ ও গোয়েন্দা তথ্যের ক্ষেত্রে সহায়তা নেওয়া এবং জঙ্গিবাদের বিরুদ্ধে তরুণদের কাছে তুলে ধরার জন্য অরাজনৈতিক এবং সামাজিক ও ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে ভিন্নমতাদর্শ তৈরি করতে হবে।
সাখাওয়াত হোসেনের মতে, পুরো প্রক্রিয়ায় সরকার নেতৃত্ব দেওয়ার পাশাপাশি রাজনৈতিক শক্তি, নাগরিক সমাজ, ব্যবসায়ী সম্প্রদায়সহ সমাজের সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমস্যা সমাধানে কাজ করতে হবে।
ওই অধিবেশনে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কোষাধ্যক্ষ এয়ার কমোডর (অব.) ইশফাক এলাহী চৌধুরী বাংলাদেশে জঙ্গিবাদের বর্তমান সমস্যা সমাধানে পরিবার, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার ওপর গুরুত্ব দেন।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের (এমসিসিআই) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর তাঁর প্রবন্ধে বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এই প্রথম বিদেশিদের লক্ষ্য করে হামলা হয়েছে। কাজেই ওই হামলার ব্যাপারে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বিশ্বাসযোগ্য কোনো পদক্ষেপ না নিলে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে বিদেশিদের অনাস্থা দূর হবে না। তারা বাংলাদেশে আসতে চাইবে না। এতে তৈরি পোশাক রপ্তানি ও রেমিট্যান্স আয়ে নেতিবাচক প্রভাব পড়বে। ব্যবসায়ী হিসেবে তাঁরা চান, বিদেশি ক্রেতারা বাংলাদেশে এসে নিরাপদ বোধ করুক। কারণ, বিদেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা মানে শুধু তৈরি পোশাক নয়।
জঙ্গিবাদের ছোবল থেকে তরুণদের রক্ষায় সৈয়দ নাসিম মঞ্জুর ভিন্ন বার্তা নিয়ে তাঁদের কাছে পৌঁছানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, তরুণদের কাছে এখন স্কাউট ও খেলার মাঠের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় সাইবার স্পেস। জঙ্গিবাদের বিপরীতে তাঁদের কাছে যে বার্তা পৌঁছে দেওয়া হবে, সেটিকে সমকালীন প্রেক্ষাপটের উপযোগী করে তুলতে হবে। তিনি বলেন, ‘বাংলাদেশের ৬০ শতাংশ মানুষের বয়স ৩০ বছরের নিচে। তারা যে ভাষায় শুনতে চায়, অনলাইন বা অফলাইন; সেই ভাষায় আমাদের কথা বলতে হবে। সন্ত্রাসীরা অনলাইনের মাধ্যমে দ্রুত তাদের মতাদর্শ প্রচার করে থাকে। এর পাল্টা মতাদর্শ প্রচারের জন্য সরকার ও নাগরিক সমাজকে তৈরি থাকতে হবে।’
পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. মনিরুজ্জামান তাঁর প্রবন্ধে সাম্প্রতিক বিভিন্ন হামলার বিশ্লেষণ তুলে ধরে জঙ্গিদের বয়স, শিক্ষা ও অর্থনৈতিক পারিপার্শ্বিকতার বর্ণনা দেন। হতাশায় ডুবে যাওয়া তরুণদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করছে নেপথ্য পরিকল্পনাকারীরা। জঙ্গিবাদের নেশা তাঁদের এতটাই প্রলুব্ধ করেছে যে এসব তরুণ আত্মহননে মরিয়া। আর আশপাশের লোকজনও তাঁদের সম্পর্কে ততটা অবগত নয়। ফলে তাঁদের রুখতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। কাজেই তাঁদের খাটো করে দেখার সুযোগ নেই।
মো. মনিরুজ্জামান বলেন, ‘কোনো ঘটনার পর তদন্তের বিষয়টি এলে আমরা পারদর্শী। তবে ভবিষ্যৎ হামলা প্রতিহত করার সামর্থ্য আমাদের নেই। সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে হলে দেশে একটি পূর্ণাঙ্গ কাউন্টার টেররিজম ইউনিট দরকার। তবে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশের অগ্রণী ভূমিকা থাকলেও কাজটা শুধু পুলিশের নয়। এ জন্য সমাজের সবাইকে দায়িত্ব নিতে হবে।’
ওই অধিবেশনে প্রবন্ধ পড়ে শোনান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান।
সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমিরের সভাপতিত্বে প্রথম কর্ম অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করে জামিয়া ইকরা বাংলাদেশের অধ্যক্ষ আল্লামা ফরিদউদ্দীন মাসউদ বলেন, ‘জঙ্গিবাদ সমাধানের কথা বলতে গিয়ে যেভাবে সরলীকরণ করা হচ্ছে, তা মোটেই ঠিক নয়। এ সমস্যার মূলে গিয়ে সমাধানের পথ খুঁজে নিতে হবে। তরুণদের বিভ্রান্ত করে তাঁদের কোরআন ও হাদিসের খণ্ডিত এবং অপব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদে যুক্ত করা হচ্ছে। তরুণদের বোঝাতে হবে, মানুষ হত্যা ইসলামের আদর্শ নয়। এটি তাঁদের জান্নাত নয়, দোজখে নিয়ে যাবে। তাই যুবসমাজের কাছে আমাদের যেতে হবে। তাঁদের জাহান্নামের পথ থেকে ফেরাতে হবে।’
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মেখলা সরকার বলেন, তরুণদের জঙ্গিবাদের কবল থেকে বাঁচাতে হলে তাঁদের মনের ভাষা বুঝতে হবে। তাঁদের জীবনের মানে এবং এই জীবনে তাঁদের অবদানের সুযোগটা কোথায়, তা জানাতে হবে। তিনি তরুণদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ হওয়া বন্ধ করতে একটি জাতীয় গবেষণা কেন্দ্র, জাতীয় সহায়তা কেন্দ্র ও তথ্যপ্রযুক্তি সেল (অন্তর্জাল জগতে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য) প্রতিষ্ঠার সুপারিশ করেন।
ওই অধিবেশনে আরও দুটি প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান সাহাব এনাম খান ও বিআইআইএসএসের গবেষণা ফেলো এম আশিকুর রহমান।