জঙ্গিবাদ রুখতে মানিকগঞ্জে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গতকাল শনিবার জঙ্গিবাদবিরোধী সমাবেশ হয়েছে। ‘রুখো জঙ্গিবাদ ও সন্ত্রাস, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হোক আজকের প্রজন্ম’ প্রতিপাদ্য নিয়ে সমাবেশে মুক্তিযোদ্ধা ও তরুণেরা অংশ নেন। মুক্তিযোদ্ধা, জনতা ও তরুণ প্রজন্মের সমাবেশ উপকমিটি এ কর্মসূচির আয়োজন করে।

আয়োজক সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে ঘিওরের সিংজুরী ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা ও তরুণদের নিয়ে এই সমাবেশের আয়োজন করা হয়। পরে বিকেলে বাউলশিল্পী জালাল সরকার ও শেফালী সরকার সন্ত্রাসবিরোধী বাউলগান পরিবেশন করেন। ১ জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় ও গত বৃহস্পতিবার কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহ মাঠের কাছে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ কর্মসূচি আয়োজন করা হয়।

জেলা মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মঞ্জুর আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার তোবারক হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুস সালাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইয়াকুব হোসেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন খান, মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, আবদুল মান্নান প্রমুখ।

সমাবেশে আবদুস সালাম বলেন, ইসলামের নামে সন্ত্রাসী ও জঙ্গিরা মানুষ হত্যা করছে, ইসলামবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে। এই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ রোখা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সম্ভব নয়। কিশোর-তরুণ থেকে শুরু করে সব বয়সের ও শ্রেণি-পেশার লোকজন মহান মুক্তিযুদ্ধে যেভাবে অংশ নিয়েছিলেন, তেমনি এই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।