জঙ্গিবাদ রুখতে মায়েদের ভূমিকা আরও বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মায়েদের সচেতন করার লক্ষ্যে গতকাল রোববার মানিকগঞ্জে মানববন্ধন করা হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুরে জঙ্গিবাদবিরোধী কর্মসূচি পালন করা হয়।

প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:

মানিকগঞ্জ: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার উদ্যোগে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে গতকাল মানববন্ধন করা হয়। আয়োজক সূত্র জানায়, বেলা ১১টার দিকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এতে জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান হাসনা হেনার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মজিবর রহমান, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জামিলা খাতুন, খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের অধ্যক্ষ বেগম হোসনে আরা, জেলা মহিলা সংস্থার নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিকী প্রমুখ।

জামিলা খাতুন বলেন, সম্প্রতি গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁসহ দেশের কয়েকটি স্থানে জঙ্গি ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এসব ঘটনা থেকে প্রতীয়মান হয় যে তরুণ ও মেধাবী শিক্ষার্থীরা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িয়ে পড়ছে। কাজেই এখন সময় এসেছে সন্তানদের প্রতি অভিভাবকদের যত্নবান হওয়া। এ ক্ষেত্রে মায়েদের ভূমিকা আরও বেশি।

নারায়ণগঞ্জ: সকালে নগরের বঙ্গবন্ধু সড়কের আলী আহম্মদ চুনকা সিটি পাঠাগার মিলনায়তনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বঙ্গবন্ধু সড়কের শহরের ২ নম্বর রেলগেট এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদিরের সভাপতিত্বে বক্তব্য দেন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা। এ সময় মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক খালিদ হাসান, মহানগর যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুল হুদা, সাংগঠনিক সম্পাদক সেলিম আজাহার, শিক্ষা ও সাহিত্য সম্পাদক বিপ্লব বসু প্রমুখ উপস্থিত ছিলেন।

মুন্সিগঞ্জ: জেলার সিরাজদিখান উপজেলার পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী মানববন্ধন ও সভা করেন। সকাল ১০টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন নাহারের সভাপতিত্বে সভা হয়। এতে উপজেলার ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, সহকারী শিক্ষক সুমা আক্তার, আফরোজা খানম, নিপা আক্তার, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি মো. হারুন প্রমুখ বক্তব্য দেন।

গাজীপুর: গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে বেলা ১১টার দিকে শহরের পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি এনামুল হক। কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল হাদী, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, জেলা বিএমএ সভাপতি আমীর হোসাইন রাহাত প্রমুখ।

এ ছাড়া গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গাজীপুর মহিলা পরিষদ, জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত, বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন জঙ্গিবাদবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করে।