জঙ্গিবাদ রুখতে শপথ মানববন্ধন, সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জঙ্গিবাদবিরোধী শপথ করান স্থানীয় সাংসদ ফজলে হোসেন বাদশা। ছবিটি গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নগরের কোর্ট শহীদ মিনার চত্বর থেকে তোলা l প্রথম আলো
রাজশাহীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জঙ্গিবাদবিরোধী শপথ করান স্থানীয় সাংসদ ফজলে হোসেন বাদশা। ছবিটি গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নগরের কোর্ট শহীদ মিনার চত্বর থেকে তোলা l প্রথম আলো

‘জঙ্গিবাদ নিপাত যাক/ সুস্থ জীবন ফিরে পাক’, ‘জঙ্গি, সন্ত্রাসমুক্ত করি/ সুস্থ, সুন্দর বাংলাদেশ গড়ি’, ‘ঐক্য, সাম্যের গান গাই/ মহৎ, উন্নত জীবন চাই’—এমন সব স্লোগান-সংবলিত ব্যানার নিয়ে জমায়েত হয়েছে শিক্ষার্থীরা। মাইকে বেজে উঠল জাতীয় সংগীত। এরপরই শিক্ষক-শিক্ষার্থীরা এক কাতারে দাঁড়িয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে শপথ নেয়।
গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহীর কোর্ট শহীদ মিনার চত্বরে এই শপথবাক্য পাঠ করান রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।
এ ছাড়া সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের অন্যান্য স্থানেও মানববন্ধন ও সমাবেশের মতো কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল রাজশাহীর কোর্ট শহীদ মিনার চত্বরে শপথ অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী জঙ্গিবাদের বিরুদ্ধে শপথ নেয়। শিক্ষার্থীদের জঙ্গিবাদের বিরুদ্ধে উদ্বুদ্ধ করতে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শপথ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, ‘আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ যেমন আমাদের শক্তি, ঠিক তেমনি আমাদের শিক্ষার্থীরাও আমাদের শক্তি। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধসহ যত আন্দোলন হয়েছে, সব আন্দোলনেরই অন্যতম শক্তি ছিল শিক্ষার্থী ও তরুণ সমাজ।’ তিনি শিক্ষার্থীদের সত্য জানার, ইতিহাস জানার চেষ্টা করতে উপদেশ দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী কোর্ট কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, শহীদ মামুন মাহমুদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মওলা, রাজশাহী সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতা।
এদিকে বেলা ১১টার দিকে রাজশাহী নগরের শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বরে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করে রাজশাহী মহানগর শ্রমিক লীগ। নগর শ্রমিক লীগের সভাপতি বদিউজ্জামান খায়েরের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এ ছাড়া বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সংসদের উদ্যোগে গতকাল বেলা ১১টায় রাজশাহী নগরে জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে কাজলা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জঙ্গিবাদ সৃষ্টির সূতিকাগার হতে না দেওয়ার প্রত্যয় প্রকাশ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় বেলা ১১টার দিকে শোভাযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ভোলাহাট উপজেলার আদাতলা উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের করে পুনরায় বিদ্যালয় গেটের সামনে ফিরে এসে ভোলাহাট-গোমস্তাপুর সড়কে মানববন্ধন করে। এতে অভিভাবকেরাও অংশ নেন।
এ সময় বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লোকমান আলী, প্রধান শিক্ষক রাব্বুল হোসেন, সহকারী শিক্ষক একরামুল হক, আবু মোত্তালেব, মনিরুল ইসলাম প্রমুখ।

জঙ্গিবাদ, সন্ত্রাস ও চরমপন্থা থেকে বিরত থেকে সুস্থ জীবন যাপনের আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের পাবনা শাখা। ছবিটি গতকাল সকালে পাবনা প্রেসক্লাবের সামনে থেকে তোলা l প্রথম আলো
জঙ্গিবাদ, সন্ত্রাস ও চরমপন্থা থেকে বিরত থেকে সুস্থ জীবন যাপনের আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের পাবনা শাখা। ছবিটি গতকাল সকালে পাবনা প্রেসক্লাবের সামনে থেকে তোলা l প্রথম আলো


অন্যদিকে শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল ও শিবগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের উদ্যোগে নিজ নিজ বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন হয়েছে। এ সময় বক্তব্য দেন শিবগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজউদ্দৌলা, শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান প্রমুখ।
বগুড়ার শেরপুরে বেলা ১১টায় মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতি ও উপজেলা দলিল লেখক সমিতি। উপজেলার মাদ্রাসা শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধন ও সমাবেশ হয় শহরের খেজুরতলা এলাকায়। মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন আবদুল হাই বারী। বক্তব্য দেন স্থানীয় সাংসদ হাবিবর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরুজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান, শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমান প্রমুখ।
দুপুর ১২টায় উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয় চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলা দলিল লেখক সমিতি। এ সময় সমাবেশে সংগঠনের সভাপতি এস এম ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান, মুক্তিযোদ্ধা আকিম উদ্দিনসহ শহিদুর রহমান, সজীব দাস, আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
গতকাল দুপুরে নওগাঁর রানীনগর মহিলা অনার্স কলেজের আয়োজনে কলেজ সভাকক্ষে মতবিনিময় সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ খান।
কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ সত্যেন্দ্রনাথ নারায়ণ লস্করের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন কলেজশিক্ষক আবদুল মান্নান, শাজাহান আলী, ফরহাদ হোসেন, মো. মামুন, মিজানুর রহমান, এস আই রইচ উদ্দিন হাজারী প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাসহ প্রায় ৪০০ ছাত্রী উপস্থিত ছিলেন।
বগুড়ার কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় গতকাল উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক বেলাল উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক শাহানাজ বেগম, কমিটির সদস্য জি এম রব্বানী, মাহবুবুর রহমান, রেজাউল করিম, আশরাফুজ্জামানসহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীরা।