জঙ্গিবাদ রুখব - নিউইয়র্কে প্রবাসীদের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সমাবেশে প্রবাসীরা। ছবি: প্রথম আলো
নিউইয়র্কে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সমাবেশে প্রবাসীরা। ছবি: প্রথম আলো

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক সমাবেশে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে সহিংস জঙ্গিবাদ প্রতিরোধের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার উদ্যোগে গতকাল রোববার আয়োজিত এই সমাবেশে বক্তারা দেশীয় ও বিদেশি উসকানিদাতাদের মদদে যে জঙ্গিবাদের প্রসার ঘটেছে, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, জঙ্গিবাদ ও মৌলবাদ একে অপরের পরিপূরক। সে কারণে উভয়কেই রুখতে হবে।
বাংলাদেশে জঙ্গি হামলাসহ সাম্প্রদায়িক কর্মকাণ্ডের প্রতিবাদে প্রবাসী বাংলাদেশিরা ‘রুখবই জঙ্গিবাদ, মানবতা হার মানে না’ শীর্ষক ‘হৃদয়ে আঁকি বাংলাদেশ’-এ সমবেত হন। ব্যতিক্রমী প্রতিবাদ সভায় দেশটিতে বসবাসরত বাংলাদেশি তরুণ প্রজন্ম, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, বিশিষ্ট নাট্যজনসহ সর্বস্তরের প্রবাসীরা হাজির হন। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় তাঁরা আসেন প্রতিবাদের রং নিয়ে। বাংলাদেশের পতাকা হাতে দুপুর থেকে লোকজন এসে সমবেত হন এখানে। প্রতিবাদী গান আর কবিতার মধ্য দিয়ে প্রবাসীরা মানচিত্রে রং ছড়িয়ে প্রতিবাদ করেছেন। এ সময় জঙ্গিবাদের প্রতি ঘৃণার বাক্য উচ্চারিত হয়েছে একসঙ্গে, একই প্রত্যয়ে।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ কোনো দিন এমন ছিল না। ১ জুলাই রাজধানী ঢাকার বুকে যা হয়েছে, তা পুরো বাংলাদেশের ওপর জঙ্গি থাবার একটি অংশ। তাই সময় থাকতে জঙ্গিবাদ রুখতে হবে, জঙ্গিবাদের মূল উৎপাটন করতে হবে।
এতে শোকবার্তা পাঠ করেন বিশিষ্ট নাট্যজন জামাল উদ্দিন হোসেন। উপস্থিত ছিলেন টিভি ব্যক্তিত্ব বেলাল বেগ, নাট্যকার কাজী আরিফ, প্রবীণ সাংবাদিক সৈয়দ মুহাম্মদ উল্লাহ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান প্রমুখ।
প্রতিবাদ সভায় প্রতিষ্ঠিত চিত্রশিল্পীরা বাংলাদেশের মানচিত্রের একটি বাউন্ডারি তৈরি করেন। মানচিত্রের বাউন্ডারির ভেতর প্রতিবাদী মানুষ তুলিতে রং মেখে নানা রকম আঁচড় দিয়ে প্রতিবাদ জানান। এ সময় সবার হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা। ক্ষণে ক্ষণে চলে স্লোগান আর কবিতা আবৃত্তি ও গান।