জঙ্গিবাদ রুখে দাঁড়ানোর ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে জঙ্গি হামলার এক মাস পূর্তিতে গতকাল সোমবার বিভিন্ন স্থানে মিছিল, মানববন্ধন ও সমাবেশ হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবেশে উপাচার্য রুহুল আমিন তাঁর বক্তব্যে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিক্ষার্থীসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

রংপুর: শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন করা হয়। রংপুর সরকারি কলেজ, কারমাইকেল কলেজ, জিলা স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

দিনাজপুর: বেলা ১১টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সামনে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ডাকে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে উপাচার্য রুহুল আমিন তাঁর বক্তব্যে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, কর্মচারীসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সকাল ১০টার দিকে শহরের জেল রোডে দিনাজপুর উচ্চবিদ্যালয়, দিনাজপুর সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করে। জেলার অন্য উপজেলায়ও একই কর্মসূচি পালিত হয়েছে।

পঞ্চগড়: ‘সন্ত্রাস নয়, শান্তি চাই, শঙ্কামুক্ত জীবন চাই’ স্লোগানে আটোয়ারী মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেন। বেলা ১১টার দিকে কলেজের সামনে ঠাকুরগাঁও-পঞ্চগড় সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া পঞ্চগড় সরকারি মহিলা কলেজ, সরকারি বালিকা বিদ্যালয়, বিপি সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এবং জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা অভিন্ন কর্মসূচি পালন করেন।

গাইবান্ধা: বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের ডিবি রোডে গাইবান্ধা সরকারি মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেন। সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে একই কর্মসূচি পালিত হয়। একই দাবিতে গাইবান্ধা আসাদুজ্জামান গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সাদুল্যাপুর গার্লস কলেজ, কামারপাড়া বালিকা উচ্চবিদ্যালয়, গাইবান্ধা সদর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

নীলফামারীর জলঢাকা উপজেলার গড় ধর্মপাল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা গতকাল মাদ্রাসার সামনে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করেন l ছবি: প্রথম আলো
নীলফামারীর জলঢাকা উপজেলার গড় ধর্মপাল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা গতকাল মাদ্রাসার সামনে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করেন l ছবি: প্রথম আলো

নীলফামারী: বেলা ১১টার দিকে শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজ, নীলফামারী সরকারি মহিলা কলেজ, নীলফামারী সরকারি কলেজ, জলঢাকা উপজেলার গড় ধর্মপাল ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, জলঢাকা ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলা স্বাস্থ্য বিভাগ মানববন্ধন করে। বক্তারা জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ঠাকুরগাঁও: বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঠাকুরগাঁও সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, ইকো পাঠশালা স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বালক উচ্চবিদ্যালয়, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান মানববন্ধন করে। সি এম আইয়ুব বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা শহরে শোভাযাত্রা করে।

সৈয়দপুর (নীলফামারী):বেলা ১১টার দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৈয়দপুর সেনানিবাস ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে প্রায় পাঁচ শ শিক্ষার্থী অংশ নেন। পার্বতীপুরেও মানববন্ধন করা হয়েছে।

তারাগঞ্জ (রংপুর):বেলা ১১টার দিকে তারাগঞ্জ ও/এ ডিগ্রি কলেজের শিক্ষার্থীসহ ১৬টি উচ্চবিদ্যালয়, ১৩টি মাদ্রাসা ও ছয়টি কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়।

বিরামপুর (দিনাজপুর):বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিরামপুর কলেজ, মহিলা ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন করা হয়।

পাটগ্রাম (লালমনিরহাট):উপজেলার প্রবেশদ্বার বাউড়া ইউনিয়নের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বুড়িমারী স্থলবন্দর পর্যন্ত ২৬ কিলোমিটারের বিভিন্ন অংশে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

বদরগঞ্জ (রংপুর):বেলা ১১টা থেকে বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন করা হয়।