জঙ্গিবাদ রুখে দাঁড়ানোর ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গি হামলার প্রতিবাদে গতকাল বুধবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ও সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সাতক্ষীরায় সমাবেশে বক্তারা বলেন, যার যার অবস্থান থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
‘জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে, রুখে দাঁড়াও এক সাথে’ স্লোগান সামনে রেখে গতকাল বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করেন ব্যবসায়ীরা। শহরের প্রধান সড়কগুলো ঘুরে মিছিলটি সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে যায়। সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।
মানববন্ধনে ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী কবিরুল হাসান সভাপতিত্ব করেন। সেখানে বক্তব্য দেন সমিতির সহসভাপতি জবেদ আলী, সাধারণ সম্পাদক রওশন আলী, সহসাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামসহ ব্যবসায়ী নেতারা।
বেলা ১১টার দিকে বোয়ালমারীর কাদিরদী কলেজের সামনে বোয়ালমারী-ফরিদপুর সড়কে মানববন্ধন হয়। এতে কাদিরদী কলেজ, কাদিরদী উচ্চবিদ্যালয়, কাদিরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাদিরদী দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও এলাকার লোকজন অংশ নেয়।