জঙ্গিবাদ রুখে দেওয়ার ডাক
গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার এক মাস পূর্তিতে গতকাল সোমবার সারা দেশে মানববন্ধন ও সমাবেশের মধ্য দিয়ে জঙ্গিবাদের প্রতিবাদ জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পূর্বসিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়, কলেজ ও আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত মাদ্রাসাগুলোকে নিয়ে এই কর্মসূচি ডাকা হলেও প্রায় সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানই মানববন্ধন করে। শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরেও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনও এ কর্মসূচি পালন করে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
রাজশাহী বিশ্ববিদ্যালয়: গতকাল সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে এ কর্মসূচিতে শিক্ষাপ্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে অংশ নিয়ে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘আমরা সবাই মিলে যখন সমবেত হয়েছি, তখন জঙ্গিরা আর বাড়তে পারবে না। সম্প্রতি যেসব ঘটনা ঘটেছে, তার পুনরাবৃত্তি হবে না। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘আজকে জাতীয় সংকট দেখা দিয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই রাষ্ট্রীয় সমস্যা নির্মূলে সক্ষম হব।’ জঙ্গিবাদ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম, অফিসার সমিতির সভাপতি মশিউল আলম হোসেন, শিক্ষার্থী নুসরাত জাহান, তানজির আহমেদ প্রমুখ।
এদিকে বেলা ১১টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে জঙ্গিবিরোধী এক শোভাযাত্রা বের করা হয়।
পাবনা: জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে গতকাল পাবনার সর্বস্তরের মানুষ সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছেন। জাগ্রত পাবনাবাসী ব্যানারে জেলা শহরের অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সামনে আবদুল হামিদ সড়কে এ কর্মসূচি পালিত হয়।
বেলা ১১টায় জাগরণের গান দিয়ে শুরু হয় সমবেত জাতীয় সংগীতের প্রস্তুতি। সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে শহরজুড়ে টাঙানো হয় শব্দযন্ত্র। শত শত মানুষ এসে অবস্থান নেন শহরের আবদুল হামিদ সড়কে। এরপর সড়কের দুপাশে মানববন্ধন করা হয়। ঘড়ির কাঁটায় যখন দুপুর ঠিক ১২টা, তখন সমবেত কণ্ঠে শুরু হয় জাতীয় সংগীত। শহরের যে যেখানে দাঁড়িয়ে ছিলেন, সেখান থেকেই জাতীয় সংগীতে অংশ নিয়ে জঙ্গিবাদের প্রতিবাদ জানান।
সমবেত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফরুক ও পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো।
এ ছাড়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে পাবনা-ঢাকা মহাসড়কে মানববন্ধন করেছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল নকীব চৌধুরী, প্রক্টর আওয়াল কবির, প্রকৌশল অনুষদের ডিন সাইফুল ইসলাম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আবদুল আলীম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন কামরুজ্জামান ও জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরী।
বগুড়া: বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনে অনুষ্ঠিত জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এখানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামস-উল আলম। তিনি শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ রুখে দেওয়ার আহ্বান জানান।
এদিকে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং টিএমএসএস মেডিকেল কলেজ ক্যাম্পাসে।
নওগাঁ: এখানে মানববন্ধন ও সমাবেশে বক্তারা জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
নওগাঁ সরকারি বিএমসি মহিলা কলেজ শহরের প্রধান সড়কে মানববন্ধন করে। কলেজের অধ্যক্ষ মাহফিজুর রহমানের সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়। শহরের তাজের মোড়ে মানববন্ধন করেন নওগাঁ নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধনে নেতৃত্ব দেন মাদ্রাসাটির অধ্যক্ষ আবদুস সাত্তার। শহরের মুক্তির মোড়ে মানববন্ধন করেছেন নওগাঁ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
এ ছাড়া সাপাহার, মান্দা, ধামইরহাট, পত্নীতলা, পোরশার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করে। শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও জেলার বিভিন্ন স্থানে জঙ্গিবিরোধী মানববন্ধন, মিছিল ও সমাবেশ হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, শাহ নেয়ামতুল্লাহ কলেজ, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ আলিয়া মাদ্রাসা, কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজ, ভোলাহাট রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউশন, আলাবকস মেমোরিয়াল ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান মানববন্ধন করেছে।
নাটোর: সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোমবার সকালে সমাবেশ করেছে নাটোর জেলা আইনজীবী সমিতি। সুশান্ত কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী ও জিপি আসাদুল ইসলাম, আমজাদ হোসেন, রুহুল আমীন তালুকদার, লোকমান হোসেন, প্রসাদ কুমার তালুকদার, মজিবর রহমান, সুখময় রায় প্রমুখ।
সিরাজগঞ্জ: বেলা ১১টা থেকে শুরু হওয়া জেলা শহরের ইসলামিয়া সরকারি কলেজের ক্যাম্পাসে মানববন্ধনের নেতৃত্ব দেন অধ্যক্ষ এস আই এম এ রাজ্জাক। শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজে মানববন্ধনে স্থানীয় সাংসদ হাসিবুর রহমান, ইউএনও শামীম আহমেদ, সাবেক অধ্যক্ষ আবদুল আজিজসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।