জঙ্গিবাদ রোধে গণজাগরণ মঞ্চের জাতীয় কনভেনশন আগস্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে জাতীয় কনভেনশন করার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ। আজ শুক্রবার বিকেলে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী গণমিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে এ ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

সমাবেশে ইমরান এইচ সরকার বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে আগস্ট মাসে জাতীয় কনভেনশনের আয়োজন করা হবে। এর মধ্য দিয়ে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলা হবে। এ ছাড়া সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী স্কোয়াড’ গঠন করা হবে।

ইমরান এইচ সরকার বলেন, জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের আগে খুঁজে বের করতে হবে। বিশেষ করে জঙ্গিদের যারা উৎসাহ দেয়, তাদের আইনের আওতায় আনতে হবে। কিন্তু বর্তমান সরকার এখন পর্যন্ত জঙ্গিদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। শুধু কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এভাবে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয়। শক্তিশালী ঐক্য গঠন নিয়েও সরকারের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।

সমাবেশের পর জাতীয় জাদুঘরের সামনে থেকে গণজাগরণ মঞ্চ মিছিল বের করে।

‘কথায় গানে জেগে ওঠো, ঐক্যবদ্ধ হও’
এদিকে ‘কথায় গানে জেগে ওঠো, ঐক্যবদ্ধ হও’ স্লোগান নিয়ে আজ শুক্রবার বিকেলে জঙ্গিবাদবিরোধী সমাবেশের আয়োজন করে সম্মিলিত সামাজিক আন্দোলন ও আনন্দন। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে গণসংগীত পরিবেশন করে আনন্দন।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, যে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়েছিল, তার ওপর এখন আঘাত আসছে। মুক্তিযুদ্ধের সময় গান ও মেশিনগান নিয়ে স্বাধীনতার পক্ষে কাজ করা হয়েছে। এখনো সেভাবেই প্রতিবাদ করতে হবে। এ জন্য সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে।

সম্মিলিত সামাজিক আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউদ্দিন তারেক আলী বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে মেধার চর্চা সঠিকভাবে হয়নি বলেই এখন জঙ্গিবাদ ছড়াচ্ছে। বর্তমানে দেশের রাজনীতি ও প্রশাসনের বিভিন্ন স্তরে জামায়াত-শিবির ঢুকে পড়েছে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এদের প্রতিহত করতে হবে।