জঙ্গিবাদ রোধে জাতীয় কনভেনশন করবে গণজাগরণ মঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গতকাল রাজধানীর শাহবাগে মিছিল করে গণজাগরণ মঞ্চ l ছবি: প্রথম আলো
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গতকাল রাজধানীর শাহবাগে মিছিল করে গণজাগরণ মঞ্চ l ছবি: প্রথম আলো

জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে আগস্ট মাসে জাতীয় কনভেনশন করার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ। গতকাল শুক্রবার বিকেলে গণমিছিলের আগে শাহবাগে এক সমাবেশে এ ঘোষণা দেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
সমাবেশে ইমরান এইচ সরকার বলেন, জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের আগে খুঁজে বের করতে হবে। বিশেষ করে জঙ্গিদের যারা উৎসাহ দেয়, তাদের আইনের আওতায় আনতে হবে। কিন্তু বর্তমান সরকার এখন পর্যন্ত জঙ্গিদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। শক্তিশালী ঐক্য গঠন নিয়েও সরকারের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
আগামী মাসে জাতীয় কনভেনশনের আয়োজন করা হবে জানিয়ে ইমরান এইচ সরকার বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী স্কোয়াড’ গঠন করা হবে। সমাবেশের পর জাতীয় জাদুঘরের সামনে থেকে গণজাগরণ মঞ্চের একটি মিছিল শুরু হয়।
সম্মিলিত সামাজিক আন্দোলনের সমাবেশ: ‘কথায় গানে জেগে ওঠো, ঐক্যবদ্ধ হও’ স্লোগানে গতকাল শাহবাগে জঙ্গিবাদবিরোধী সমাবেশের আয়োজন করে সম্মিলিত সামাজিক আন্দোলন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সাংস্কৃতিক সংগঠন ‘আনন্দন’। সমাবেশে গণসংগীত পরিবেশন করে আনন্দন।
সমাবেশের ঘোষণা উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস। তিনি বলেন, যে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়েছিল, তার ওপর এখন আঘাত আসছে। মুক্তিযুদ্ধের সময় গান ও মেশিনগান নিয়ে স্বাধীনতার পক্ষে কাজ করা হয়েছে। এখনো সেভাবেই প্রতিবাদ করতে হবে।
সম্মিলিত সামাজিক আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউদ্দিন তারেক আলী বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে মেধার চর্চা সঠিকভাবে হয়নি বলেই এখন জঙ্গিবাদ ছড়াচ্ছে। রাজনীতি ও প্রশাসনের বিভিন্ন স্তরে জামায়াত-শিবির ঢুকে পড়েছে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এদের প্রতিহত করতে হবে।