জঙ্গিবাদ রোখার প্রত্যয়ে জোটের বিজয় উৎসব
‘যুদ্ধাপরাধীদের বিচারের পথে, জঙ্গিবাদকে দাঁড়াও রুখে’ স্লোগান নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট ১৩ ডিসেম্বর রোববার থেকে আয়োজন করছে বিজয় উৎসব। কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল চারটায় হবে আট দিনের বিজয় দিবসের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও সুরকার সুজেয় শ্যাম।
‘বিজয় উৎসব ২০১৫’ শিরোনামে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় একযোগে অনুষ্ঠিত হবে। এ ছাড়া সারা দেশেও জোটভুক্ত সংগঠনগুলো স্থানীয়ভাবে বিজয় উৎসবের আয়োজন করবে। গতকাল টিএসসিতে জোটের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর বিভিন্ন স্থানে ১৪টি মঞ্চে একযোগে ২০ ডিসেম্বর পর্যন্ত বিজয় উৎসব চলবে। নাচ, গান, আবৃত্তি, নাটক, চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনাসহ নানা আয়োজনে প্রতিদিন বিকেল চারটা থেকে শুরু হয়ে রাত আটটা পর্যন্ত চলবে অনুষ্ঠান। প্রয়াত মুক্তিযোদ্ধা, নাট্যকর্মী, চলচ্চিত্র ব্যক্তিত্ব ও সংগীতশিল্পীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাঁদের নামে মঞ্চগুলোর নামকরণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। এ সময় উপস্থিত ছিলেন আইটিআই সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার, শিল্পী ফকির আলমগীর ও জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ প্রমুখ। উৎসবের প্রথম দিন অনুষ্ঠান হবে শুধু শহীদ মিনারে। এর পরদিন ১৪ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠান হবে—কেন্দ্রীয় শহীদ মিনার, রায়েরবাজার বধ্যভূমি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর (টিএসসি), রবীন্দ্রসরোবরের ভাষাসংগ্রামী তোফাজ্জাল হোসেন মঞ্চ, মিরপুরের-শিল্পী নঈম গহর মঞ্চ, নাট্যশিল্পী রফিকুল ইসলাম মঞ্চ, মুক্তিযোদ্ধা আমিনুল হক বাদশা মঞ্চ, মুকুল ফৌজ মাঠ, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণ, প্রভাত মাঠ, সুবল দাস চলচ্চিত্র মঞ্চ এবং টিঅ্যান্ডটি কলোনি মাঠ প্রাঙ্গণে। এ ছাড়া রাজধানীর দনিয়ার বর্ণমালা স্কুল ও কলেজ প্রাঙ্গণ এবং দনিয়া স্কুলসংলগ্ন সড়কের মাসুদ আহমেদ চৌধুরী মঞ্চে ১৬ থেকে ১৮ ডিসেম্বর, উত্তরা রবীন্দ্রসরণির ভাষাসৈনিক শরফুদ্দিন মঞ্চে ১৭ থেকে ১৮ ডিসেম্বর এবং পুরান ঢাকার বাহাদুর শাহ্ পার্ক মঞ্চে ১৯ থেকে ২০ ডিসেম্বর বিজয় উৎসবের অনুষ্ঠান চলবে।
১৬ ডিসেম্বর সকাল ১০টায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি শাহবাগ হয়ে আবার শহীদ মিনারে এসে শেষ হবে।