জঙ্গিবাদ-সন্ত্রাস দূর করার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ, সাম্প্রদায়িক উগ্রবাদ, সন্ত্রাসের মতো জঞ্জাল দূর করার প্রত্যয় নিয়ে বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। বাহাদুর শাহ পার্কে গত বৃহস্পতিবার শোভাযাত্রা-পূর্ব ওই সমাবেশে দলটির নেতারা সাম্প্রদায়িক বিষবাষ্পের বিরুদ্ধে সোচ্চার হওয়ারও আহ্বান জানান।
সেখানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটির নবনির্বাচিত নেতাদের উদ্দেশে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘সব জঞ্জাল দূর করে প্রধানমন্ত্রীর ঘোষিত ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়তে আপনারা বলিষ্ঠ ভূমিকা রাখবেন। আমরা বিশ্বাস করি, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নতুন কমিটি বলিষ্ঠ ভূমিকা রাখবে।’
শোভাযাত্রা-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি এ কে এম রহমত উল্লাহ। বক্তব্য দেন মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, দলের কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।
পরে বাহাদুর শাহ পার্ক থেকে শোভাযাত্রা বের করে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। সেখানে হাতি-ঘোড়া নিয়ে নববর্ষকে স্বাগত জানিয়ে ঢোল-তবলা, বাঁশিসহ নানা ধরনের বাদ্যযন্ত্র বাজানো হয়। একই সঙ্গে নানা ধরনের ব্যানার-ফেস্টুন বহন করেন নেতা-কর্মীরা। শোভাযাত্রাটি বাহাদুর শাহ পার্ক-ইংলিশ রোড-জনসন রোড-মাজার রোড থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এসে শেষ হয়।