জঙ্গিবাদ-সমস্যার সমাধান রাজনৈতিকভাবে করতে হবে: স্টিফেন ইভান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স বলেছেন, শুধু নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে জঙ্গিবাদ দমন করা যাবে না। রাজনৈতিকভাবে এ সমস্যার সমাধান করতে হবে।গতকাল সোমবার বাংলাদেশে জঙ্গিবাদের প্রবণতা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার এ মন্তব্য করেন। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) এ অনুষ্ঠানের আয়োজন করে। বিইআই মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফারুক সোবহান।ব্রিটিশ হাইকমিশনার বলেন, বইটি তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে রচিত হয়েছে। ওই সময় জঙ্গিদের তৎপরতা তুলনামূলক কম ছিল। এ ঘটনা থেকে এমনটা ভাবার কারণ নেই যে জঙ্গিবাদের ঝুঁকি নেই। যেকোনো সময় জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে।স্টিফেন ইভান্স বলেন, নিরাপত্তা, আইনসহ সব বিষয়কে গুরুত্ব দিয়ে জঙ্গিবাদ মোকাবিলা করা যেতে পারে। জঙ্গিবাদের উত্থান রোধের সবচেয়ে ভালো উপায় হচ্ছে, সমস্যাটি রাজনৈতিকভাবে মোকাবিলা করা। জঙ্গিবাদে যারা আকৃষ্ট হচ্ছে, তাদের দমন করতে বুদ্ধিবৃত্তিক ও আদর্শিক লড়াইটা জরুরি।বইটি সম্পর্কে আলোচনা করতে গিয়ে ডেইলি স্টার-এর প্রতিরক্ষাবিষয়ক সম্পাদক শাহেদুল আনাম খান জঙ্গিবাদের সঙ্গে মাদ্রাসাশিক্ষার যোগসূত্রের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘মাদ্রাসাশিক্ষা নিয়ন্ত্রিত হওয়া উচিত। কারণ, দেশে কত কওমি মাদ্রাসা আছে, সে সম্পর্কে আমাদের ধারণা নেই।’অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার রবার্ট ম্যাকডুগাল, ইশফাক ইলাহি চৌধুরী ও ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের প্রকাশক মহিউদ্দীন আহমেদ।