জঙ্গিবাদ-সহিংসতার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের ডাক

জঙ্গিবাদ ও সহিংসতার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাই এগিয়ে এলে দেশ জঙ্গি ও সহিংসতামুক্ত হবে।
আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে আজ রোববার রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা।
মানববন্ধন শেষে একটি শান্তি-পদযাত্রা হয়। পদযাত্রাটি জাদুঘরের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে শেষ হয়।
আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে এই মানববন্ধন ও শান্তি-পদযাত্রার আয়োজক সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও নির্বাচনী সহিংসতা প্রতিরোধে নাগরিক।
‘সন্ত্রাস নয়, জঙ্গিবাদ নয়—এসো ঐক্য ও সম্প্রীতির দেশ গড়ি’ শিরোনামের এই আয়োজনে সবাইকে শান্তির পথে অগ্রসর হওয়ার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার ঐক্যবদ্ধভাবে দেশকে জঙ্গিবাদমুক্ত ও সহিংসতামুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, যারা সহিংস ও জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা করছে, তাদের সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে।
সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন, শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিক পরিস্থিতিও আজ অস্থিরতায় পূর্ণ ও সংঘাতময়। ধর্মীয় মৌলবাদ ও জঙ্গিবাদ সচেতন মানুষের স্বস্তি কেড়ে নিয়েছে। সবাই জেগে না উঠলে অন্ধকারময় ভবিষ্যৎ অপেক্ষা করছে।
মানববন্ধন শেষে বের হওয়া পদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে শেষ হলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস বলেন, বাংলাদেশের কিছু তরুণ শান্তির বিপরীতে জঙ্গিবাদে ঝুঁকছে। তাদের শান্তির পথে ফিরিয়ে আনতে হবে। গান্ধীর মতবাদ অনুসারে সবাইকে অহিংস হতে হবে।