জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা লুটপাট দুর্নীতি প্রতিরোধের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ১৪ দলের নেতারা দেশ থেকে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা নির্মূল এবং দুর্নীতি ও লুটপাট প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। এ লক্ষ্যে তাঁরা দৃঢ়তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার জন্যও সবার প্রতি আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার বিকেলে পল্টন ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে নেতারা বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দল ও মহাজোটের ঐক্যের মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে। একে আরও এগিয়ে নিয়ে বাহাত্তরের সংবিধান পুনঃপ্রবর্তন ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক শক্তির ঐক্যকে সম্প্রসারিত করতে হবে।সম্মেলন উপলক্ষে গতকাল দুপুরের পর থেকেই সারা দেশ এবং নগরের বিভিন্ন এলাকা থেকে ব্যানার-ফেস্টুনে সজ্জিত, উত্সবের আমেজে উদ্বেলিত অথচ সুশৃঙ্খল নেতা-কর্মীদের মিছিল পল্টন ময়দান অভিমুখে আসতে থাকে। সবার চোখেমুখেই ছিল সংগ্রামী দৃঢ়তা ও প্রত্যয়ের ছাপ।জাসদের সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পড়ে শোনান আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক ও এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বাণীতে প্রধানমন্ত্রী সম্মেলনের সাফল্য কামনা করেন এবং জনগণের দিনবদলের সংগ্রামে জাসদের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। প্রতিমন্ত্রী নিজেও তাঁর বক্তব্যে ঐক্যবদ্ধ সংগ্রামের ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের অপর সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম ও উপ-দপ্তর সম্পাদক মৃণালকান্তি দাসও দলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত সিং হো চাল শুভেচ্ছা বক্তব্য দেন। উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের পলিটিক্যাল সেক্রেটারি জাং লি। এ ছাড়া সম্মেলন উপলক্ষে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন সর্বভারতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী, পাকিস্তান পিপলস পার্টির মহাসচিব সিনেটর মুহাম্মদ জাহাঙ্গীর বদর, নেপালি কংগ্রেসের সভাপতি গিরিজা প্রসাদ কৈরালা এবং চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগ, কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআই), বাথ আরব সোশ্যালিস্ট পার্টি অব সিরিয়া, ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া এবং পপুলার লিবারেশন ফ্রন্ট অব প্যালেস্টাইন।সম্মেলনে আমন্ত্রিত বিদেশি অতিথি হিসেবে বক্তব্য দেন সর্বভারতীয় ফরোয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক ও ভারতীয় লোকসভার সাবেক সদস্য দেবব্রত বিশ্বাস, সর্বভারতীয় ফরোয়ার্ড ব্লকের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পশ্চিমবঙ্গ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রী মর্তুজা হোসেন। বক্তব্যে তাঁরা সমাজতন্ত্রের আদর্শে বিশ্বাসীদের ও উপমহাদেশের মানুষের দৃঢ় ঐক্য গড়ে তোলার ওপর জোর দেন।অনুষ্ঠানে গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য পংকজ ভট্টাচার্য, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিমসহ ১৪ দলের নেতারা বক্তব্য দেন। তাঁরাও জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী রাজনৈতিক ঐক্য দৃঢ়তর করার পক্ষে মত প্রকাশ করেন।উদ্বোধনী অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শরীফ নূরুল আম্বিয়া, দুজন যুগ্ম আহ্বায়ক শিরীন আখতার ও ইন্দু নন্দন দত্ত প্রমুখ বক্তব্য দেন।কাউন্সিল অধিবেশন শুরু: উদ্বোধনী অনুষ্ঠানের পর গতকাল সন্ধ্যায় মহানগর নাট্যমঞ্চে শুরু হয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন। সেখানে সাধারণ সম্পাদকের খসড়া রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবেদন, রাজনৈতিক প্রস্তাবনা, গঠনতন্ত্র ও ঘোষণাপত্রের ওপর সংশোধনী প্রস্তাব এবং দলের আয়-ব্যয়ের নিরীক্ষিত হিসাব উপস্থাপন করা হয়। রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউন্সিলররা ওই সব বিষয়ের ওপর আলোচনা করছিলেন বলে দলীয় সূত্র জানায়।কাউন্সিলর ও ডেলিগেটদের পারস্পরিক আলোচনার আরেকটি বিষয় ছিল সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে আসা সম্ভাব্য নতুন নেতৃত্ব। কয়েকজন কাউন্সিলরের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণ সম্পাদক ছাড়া কেন্দ্রীয় নেতৃত্বে বিশেষ কিছু পরিবর্তন হবে না। সাধারণ সম্পাদক হিসেবে শরীফ নূরুল আম্বিয়া ও শিরীন আখতারের মধ্যে একজন আসতে পারেন বলে জানা গেছে। এ ছাড়া কিছু নতুন মুখ কেন্দ্রীয় কমিটিতে আসতে পারেন, যাঁরা একসময় দলে বিশেষভাবে সক্রিয় ছিলেন।