জঙ্গিবাদ মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তাঁরা বলেছেন, জঙ্গিবাদকে রাজনৈতিক আবরণ দিলে সমস্যা আরও প্রকট হবে। এ সমস্যা থেকে বের হতে হলে জাতীয় ঐক্যের প্রয়োজন।
গতকাল শনিবার সকালে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে বিশিষ্টজনেরা এ আহ্বান জানান। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘জঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তির জাতীয় ঐক্য চাই’ শিরোনামে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা জঙ্গিবাদে রাজনৈতিক আবরণ দিচ্ছি। এতে সমস্যা আরও প্রকট হচ্ছে। জঙ্গিবাদের বিরুদ্ধে বল প্রয়োগ করে সমস্যার সমাধান হবে না। বরং সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।’
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, জঙ্গিবাদও এক ধরনের প্রতিবাদ। তবে এর পথ সশস্ত্র। এই পথ রাষ্ট্রের জন্য মঙ্গলজনক নয়। তাই জঙ্গিবাদ রোখার জন্য দেশে গণতন্ত্র ও সুশাসন থাকা প্রয়োজন।
প্রাবন্ধিক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের একার পক্ষে জঙ্গিবাদ মোকাবিলা সম্ভব হবে না। এ জন্য প্রয়োজন জাতীয় ঐক্য ও জনগণের একাত্মতা। জঙ্গিবাদের সবচেয়ে নৃশংস শিকার সাধারণ মানুষ। তাই মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে।
জঙ্গিবাদের বিরুদ্ধে ধর্মভিত্তিক দল ছাড়া সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, বাংলাদেশেও মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন সমস্যা রয়েছে, যা জঙ্গিবাদের উত্থানের ক্ষেত্র তৈরি করছে। কিন্তু জঙ্গিবাদ কারও বন্ধু নয়। এ থেকে রাজনৈতিক ফায়দা নেওয়ার সুযোগ নেই। কেউ নিলে তা তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে।
বদিউল আলম বলেন, জঙ্গিদের বিরুদ্ধে অবশ্যই বল প্রয়োগ করতে হবে। পাশাপাশি যারা জঙ্গিবাদকে সমর্থন করে, তাদের বিরুদ্ধে বল প্রয়োগ না করে উন্নত যুক্তিতর্কের মাধ্যমে তাদের মতবাদকে খণ্ডন করতে হবে।
সুজনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য তোফায়েল আহমেদ বলেন, ‘জঙ্গিবাদ এখন আন্তর্জাতিক সমস্যা। এটি মোকাবিলায় ধর্মীয় বিষয়ে আমাদের সহিষ্ণু হতে হবে।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক, সুজনের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ জাহাঙ্গীর, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার প্রমুখ। এ ছাড়া সাংগঠনিকভাবে বাংলাদেশ যুব মৈত্রী, নাগরিক উদ্যোগ, ব্রতী, গণসাক্ষরতা অভিযান, আইন ও সালিশ কেন্দ্র, গুড নেইবারস, বাংলাদেশ পরিবেশ আন্দোলনসহ বেশ কয়েকটি সংগঠন মানববন্ধনে যোগ দিয়ে সংহতি প্রকাশ করে।