
পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেছেন, যে সমাজে সাধারণ মানুষ নিরাপদ নয়, সেই সমাজকে সভ্য বলা যায় না। মুক্তিযুদ্ধের চেতনার সরকার ক্ষমতায় থাকলেও দিন দিন বাঙালির মুক্ত চেতনার ওপর জঙ্গিবাদী আঘাত আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। জঙ্গিবাদকে রুখে দাঁড়াতে হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সর্বস্তরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়।
সমাবেশে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন বলেন, এগুলো কাপুরুষোচিত হত্যা। যাঁরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন সেসব নিরীহ মানুষ, মুদি দোকানি, পুরোহিতদের এরা হত্যা করছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের মধ্যে বিন্দুমাত্র মানবিকতাবোধ নেই। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি ছিল। সেটা পুরোপুরি দূরীভূত হয়েছে বলা যাবে না। সবচেয়ে বড় অর্জন যুদ্ধাপরাধীদের বিচার। এই বিচারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। অনৈক্য সৃষ্টি হলে ষড়যন্ত্রকারীরা জয়ী হবে।
অধ্যাপক অনুপম সেন বলেন, ‘মার্কিনরা আমাদের দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা কখনো জামায়াত, কখনো শিবির, কখনো অন্য নামে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এদের এক হয়ে রুখে দাঁড়াতে হবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক আবুল মনসুর বলেন, ‘এখন মনে হচ্ছে আমাদের প্রতিটি সাধারণ মানুষের ঘাড়ে এক-একটি চাপাতির কোপ পড়ছে। এ রকম অসহায় এবং বিপন্ন কখনো বোধ করিনি। এই বাংলাদেশ আস্তে আস্তে তার মুক্তিযুদ্ধের চেতনার আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের দল ক্ষমতায় থাকলেও আজ আইনশৃঙ্খলা পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে। সাধারণ মানুষের জন্য এই দেশ নিরাপদ নয়। যদি ধর্মীয়, ব্যক্তিস্বাধীনতা না থাকে, তাহলে এই দেশকে নিরাপদ কীভাবে মনে করবে মানুষ।’
উদীচীর সহসভাপতি চন্দন দাশের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা নজরুল আবছার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মৃণাল চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ আলম, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান।
বক্তারা বাবুল আক্তারকে একজন সৎ পুলিশ কর্মকর্তা উল্লেখ করে বলেন, সরকারের আপসকামিতা এবং বিচারহীনতার কারণে বারবার জঙ্গিরা এ ধরনের হত্যাকাণ্ড ঘটাচ্ছে। সরকারের দ্বিমুখী নীতি হত্যাকে মদদ দিচ্ছে।
বক্তারা অবিলম্বে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।