জঙ্গিবাদকে 'না' বললেন শিক্ষক-শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা গতকাল প্রশাসনিক ভবনের সামনে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশ করেন l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা গতকাল প্রশাসনিক ভবনের সামনে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশ করেন l ছবি: প্রথম আলো

পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল সোমবার পৃথকভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী শোভাযাত্রা, মানববন্ধন ও সমাবেশ করেছেন। এসব সমাবেশে শিক্ষক-শিক্ষার্থীরা যেকোনো মূল্যে জঙ্গি তৎপরতা ঠেকানোর অঙ্গীকার করেছেন।
গতকাল সোমবার বেলা ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের নেতৃত্বে নিজ নিজ ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়। পরে মানববন্ধন ও সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনার আলোকে এসব কর্মসূচি পালন করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ করার শপথ নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিজ্ঞান অনুষদ পর্যন্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এতে কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন। এর আগে বিভিন্ন অনুষদ থেকে ছাত্র-শিক্ষকেরা জঙ্গিবাদবিরোধী মিছিল নিয়ে মানববন্ধনে যোগ দেন। মানববন্ধন চলাকালে বঙ্গবন্ধু চত্বরে সমাবেশের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ইফতেখার উদ্দিন চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য শিরীণ আখতার।
উপাচার্য বলেন, দেশ যখন উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, তখনই পরাজিত শক্তি উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে প্রতিহিংসাবশত বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে। কিন্তু এই দেশে জঙ্গিবাদীদের ঠাঁই হবে না।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ কামরুল হুদার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক মো. সেকান্দর চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এফ এম আওরঙ্গজেব, সাধারণ সম্পাদক সুকান্ত ভট্টাচার্য, অধ্যাপক সুলতান আহমেদ, অধ্যাপক আবুল হোসাইন প্রমুখ।
সমাবেশে একাত্মতা প্রকাশ করেন ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, ইসলামী ছাত্রসেনার সাধারণ সম্পাদক দিদারুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) মো. ফরহাদ হোসেন খান।
এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাশের নেতৃত্বে ক্যাম্পাসে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশ করা হয়। এ ছাড়া বিকেলে বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী উদ্বুদ্ধকরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলমের নেতৃত্বে জঙ্গিবিরোধী শোভাযাত্রা, সমাবেশ ও মানববন্ধন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
এ ছাড়া বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জঙ্গিবাদবিরোধী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। ইউএসটিসি, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, সাউদার্ন ইউনিভার্সিটিতে জঙ্গিবাদের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

চট্টগ্রামের প্রবর্তক মোড়ে জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে বক্তব্য দেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন l প্রথম আলো
চট্টগ্রামের প্রবর্তক মোড়ে জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে বক্তব্য দেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন l প্রথম আলো

নগরের গোসাইলডাঙা ক্যাম্পাস থেকে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দর খানের নেতৃত্বে গতকাল বেলা ১১টার দিকে জঙ্গিবাদবিরোধী মিছিল বের করা হয়। পরে ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ও নার্সরা বেলা ১১টায় ক্যাম্পাসে জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করেন। এতে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তর কার্যালয় নগরের কে সি দে রোডে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আলাউদ্দিন মজুমদারের নেতৃত্বে মানববন্ধন করে। জঙ্গিবিরোধী এ কর্মসূচিতে বক্তব্য দেন সহকারী পরিচালক মুহাম্মদ আবদুর রহিম, বন্দর স্বাস্থ্য কর্মকর্তা মোতাহার হোসেন প্রমুখ।
সাউদার্ন মেডিকেল কলেজ, মা ও শিশু মেডিকেল কলেজ, ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে নিজ নিজ ক্যাম্পাসে মানববন্ধন করা হয়।
এ ছাড়া নগরের বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজ, মাদ্রাসা ও বিদ্যালয়ে জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও মানববন্ধন হয়েছে। চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ, ওমরগণি এম ই এস কলেজ ক্যাম্পাসে পৃথকভাবে জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও মানববন্ধন করা হয়। ফতেয়াবাদ কলেজের অধ্যক্ষ মো. ইদ্রিসের সভাপতিত্বে কলেজের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
নগরের আসকার দিঘির পাড় লোকপ্রশাসন কার্যালয়ের সামনে ছালেহ জহুর সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়, জামালখানে সলিমা সিরাজ মহিলা মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশ করে।