জঙ্গিবাদবিরোধী কর্মসূচি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের শেখরনগর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা গতকাল জঙ্গিবাদের বিরুদ্ধে মৌন মিছিল করেন l ছবি: প্রথম অালো
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের শেখরনগর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা গতকাল জঙ্গিবাদের বিরুদ্ধে মৌন মিছিল করেন l ছবি: প্রথম অালো

জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক প্রতিরোধে গতকাল রোববার মুন্সিগঞ্জের লৌহজং ও সিরাজদিখান এবং গাজীপুরের কালিয়াকৈরে মানববন্ধন, সমাবেশসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতা-কর্মী, পরিবহন মালিক-শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
লৌহজং উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দুপুরে উপজেলার মাওয়া-ঢাকা মহাসড়কের দোগাছি এলাকা থেকে বালিগাঁও আমজাদ আলী মহাবিদ্যালয় পর্যন্ত ১৪ কিলোমিটার মানববন্ধন হয়। এতে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষ অংশ নেন। মালির অঙ্ক চৌরাস্তায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি।
সিরাজদিখান উপজেলার রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন মাঠ ও আলী আজগর আব্দুল্লাহ কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ হয়। পরে কলেজ ক্যাম্পাস থেকে একটি মৌন মিছিল রায়বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন ও শেখরনগর বালিকা উচ্চবিদ্যালয় হয়ে শেখরনগর ইউনিয়ন পরিষদে গিয়ে শেষ হয়। আলী আজগর অ্যান্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিশুদ্ধানন্দ চক্রবর্তীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাসেম, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন প্রমুখ।
গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির যৌথ উদ্যোগে কালিয়াকৈর বাস টার্মিনাল এলাকায় মানববন্ধন ও সমাবেশ হয়। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকবিরোধী বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে সংগঠন দুটির নেতা-কর্মীরা অংশ নেন। পরে কালিয়াকৈর বাস টার্মিনাল চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর খান, কালিয়াকৈর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া, পরিবহন মালিক সমিতির নেতা আকবর আলী, শ্রমিকনেতা আতোয়ার সরকার, হারিউজ্জামান হারিজ প্রমুখ।