জঙ্গিবাদবিরোধী কর্মসূচি পালন

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল শনিবার জঙ্গিবাদ ও সন্ত্রাববিরোধী সমাবেশ, আলোচনা সভা, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নাটোর: সকাল ১০টার দিকে নাটোর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে সমাবেশ হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী হাবীবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নাটোরের সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ কমিটি লাঠি-বাঁশি সমিতির প্রতিষ্ঠাতা আব্দুস সালাম। এ ছাড়া নাটোরের সরকারি বালক ও বালিকা উচ্চবিদ্যালয়ে আলোচনা সভা হয়। জেলা প্রশাসক মো. খলিলুর রহমান দুটি বিদ্যালয়ের কর্মসূচিতে জঙ্গিবাদবিরোধী বক্তব্য দেন।
জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচটি উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসায় গতকাল আলোচনা সভা হয়েছে। জয়পুরহাট শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়ে সভা হয়।
রাজশাহী: দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সভা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন, সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান প্রমুখ বক্তব্য দেন। এদিকে রাজশাহী কলেজ মিলনায়তনে আলোচনা সভা হয়েছে। এতে রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ: বেলা ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজে আলোচনা সভা হয়। অধ্যক্ষ এ কে এম মনজুর রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সাংসদ আব্দুল ওদুদ। প্রায় একই সময়ে চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পৌর মেয়র সাইদুর রহমান।
সিরাজগঞ্জ: উল্লাপাড়া উপজেলার রাজমান ডিগ্রি কলেজে অধ্যক্ষ শামছুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ, সালেহা ইসহাক বালিকা উচ্চবিদ্যালয়, জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয়, সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ, তালগাছী আবু ইসাহাক উচ্চবিদ্যালয় পৃথক আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করে।
বগুড়া: বগুড়া জিলা স্কুলে সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন প্রমুখ। বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রমুখ। এ ছাড়া মানববন্ধন ও সমাবেশ হয়েছে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ভান্ডারী বালিকা উচ্চবিদ্যালয়, ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয়, সুবিল উচ্চবিদ্যালয়, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, পল্লী উন্নয়ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও।
পাবনা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল-নকীব চৌধুরী। আরও বক্তব্য দেন প্রক্টর আওয়াল কবির, প্রকৌশল অনুষদের ডিন মো. সাইফুল ইসলাম প্রমুখ।