জঙ্গিবাদবিরোধী কাউন্সেলিং করাবে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবকদের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন করতে এবং ধ্বংসের পথ পরিহারে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে কাউন্সেলিংয়ের উদ্যোগ নেবে সরকার।
গতকাল বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ময়মনসিংহ বিভাগের সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মতবিনিময়কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিভাগের ৪ হাজার ১৯টি পয়েন্ট থেকে সম্প্রচার করা এই ভিডিও কনফারেন্সে প্রায় ২৮ লাখ মানুষ সম্পৃক্ত ছিল বলে ধারণা করা হচ্ছে।
কাউন্সেলিং প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদন করতে একটি প্রশিক্ষিত জনশক্তি গড়ে তোলার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ জন্য কিছু মানুষকে এবং সেই সঙ্গে শিক্ষক ও অভিভাবকদের প্রশিক্ষণ দেওয়া যায়। কেউ বিপথে গেলে তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে এই প্রশিক্ষণ কার্যকরী ভূমিকা রাখবে।
শেখ হাসিনা বলেন, ‘প্রতি স্কুলে মনোবিজ্ঞানী বা কাউন্সেলর নিয়োগের একটা প্রস্তাব এসেছে। এটি প্রতি স্কুলের জন্য হয়তো সম্ভব নয়। তবে, আমরা ইতিমধ্যেই একটি উদ্যোগ নিয়েছি। সূচনা ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন করেছি। যারা এ ধরনের বিপথে যাচ্ছে বা যারা অটিস্টিক বা প্রতিবন্ধী রয়েছে, সেখানে তাদের কিছু কাউন্সেলিং করা হচ্ছে।’
ভিডিও কনফারেন্সের সময় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী ভিডিও কনফারেন্স সঞ্চালনা করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার একটাই কারণ। একটা নতুন উপসর্গ দেখা দিয়েছে— জঙ্গিবাদ ও সন্ত্রাস। যে করেই হোক এই জঙ্গিবাদ ও সন্ত্রাসের কবল থেকে মানুষকে মুক্তি দিতে হবে। এটা কখনো ইসলামের পথ না। ইসলাম জঙ্গিবাদ-সন্ত্রাস এবং নিরীহ মানুষ হত্যা করাকে কখনো সমর্থন করে না।’
প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকাসক্তি—এগুলো পরিবারকে ধ্বংস করে, সমাজকে ধ্বংস করে, বাবা-মার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তিনি আরও বলেন, ‘ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। যার যার ধর্ম সে সে পালন করবে, এটা আমাদের নীতি। এটাই ধর্মনিরপেক্ষতা।’
ধর্মের সঙ্গে পয়লা বৈশাখের বিরোধ নেই
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পয়লা বৈশাখ উদ্যাপনকে সম্পূর্ণ বাঙালি সংস্কৃতি হিসেবে অভিহিত করে শান্তিপূর্ণ¯ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদ্যাপনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, পয়লা বৈশাখ সম্পূর্ণভাবে বাঙালি সংস্কৃতি। বাঙালি যুগ যুগ ধরে এই উৎসব উদ্যাপন করে আসছে। ধর্মের সঙ্গে এই উৎসবের কোনো বিরোধ খোঁজার চেষ্টা করা কারও উচিত নয়।
রাজধানীর হাতিরঝিলে গ্র্যান্ড মিউজিক্যাল ড্যান্সিং ফাউন্টেন অ্যান্ড অ্যাম্ফিথিয়েটার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গতকাল সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ড্যান্সিং ফাউন্টেন ও অ্যাম্ফিথিয়েটার উদ্বোধন করেন।
শেখ হাসিনা বলেন, পয়লা বৈশাখ যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। পয়লা বৈশাখ হচ্ছে একমাত্র উৎসব, যা সব ধর্মের মানুষ একত্রে উদ্যাপন করে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ইউনেসকোর কাছে মঙ্গল শোভাযাত্রা বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে, মঙ্গল শোভাযাত্রা ধর্মীয় কোনো বিষয় নয়। মাটি দিয়ে হাতি, ঘোড়া, থালা-বাসন এবং কাগজ দিয়ে ফুল তৈরি করা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। এটা যুগ যুগ ধরে চলে আসছে।’
ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী পয়লা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, গ্র্যান্ড মিউজিক্যাল ড্যান্সিং ফাউন্টেন ও অ্যাম্ফিথিয়েটার হচ্ছে নগরবাসী ও দেশবাসীকে তাঁর নববর্ষের উপহার।