জঙ্গিবাদবিরোধী নানা কর্মসূচি পালিত
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে গতকাল রোববার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, সমাবেশ, বিক্ষোভ-মিছিল, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: বেলা ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন ও সমাবেশ করে জেলা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি। সমাবেশে সংগঠনটির সভাপতি আবু মুসা ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন সম্পাদক হামিদুল ইসলাম, জলঢাকা উপজেলা শাখার সভাপতি রশিদুল ইসলাম, সম্পাদক তরিকুল ইসলাম, ডিমলা উপজেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক, জেলা ওলেমা লীগের সভাপতি আফতাব উদ্দিন প্রমুখ।
বিরামপুর (দিনাজপুর): বেলা তিনটায় মতিহারা বাজার এলাকায় মানববন্ধন হয়। আধা ঘণ্টার এ কর্মসূচি শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে মতিহারা উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশ হয়। পুটিমারা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ শিবলী সাদিক। আরও বক্তব্য দেন পৌর মেয়র লিয়াকত আলী সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পারুল বেগম প্রমুখ।
সৈয়দপুর (নীলফামারী): দুপুর ১২টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ছাত্র ইউনিয়নের সৈয়দপুর উপজেলা শাখা। এ সময় সমাবেশ হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপজেলা শাখার সভাপতি নুরুজ্জামান জোয়ারদার, সম্পাদক দেলোয়ার হোসেন জাভিস্ক প্রমুখ।
পাটগ্রাম (লালমনিরহাট): স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে সকালে সরকারি জসমুদ্দিন আবদুল গণি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে মাদক ও জঙ্গিবাদবিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভা হয়। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মকবুল হোসাইন।