জঙ্গিবাদবিরোধী সভা করতে নগরের ওসিদের নির্দেশ
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রতি পাড়া-মহল্লা ও স্কুল-কলেজে মাদকবিরোধী, ট্রাফিক সচেতনতামূলক ও জঙ্গিবাদবিরোধী সভা করার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার।
গতকাল মঙ্গলবার নগর পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নগরের ১৬ থানার ওসিদের এই নির্দেশনা দেওয়া হয়।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, সভায় নগরবাসীকে জঙ্গিবাদ প্রতিরোধে আরও সচেতন ও সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়। জঙ্গিবাদ সম্পর্কে যেকোনো তথ্য পুলিশকে জানানোর জন্য অনুরোধ জানান পুলিশ কমিশনার। সভায় জঙ্গিবাদ মোকাবিলায় জনসাধারণের সমন্বয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানানো হয়।
সভায় নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ উল হাসানসহ নগর পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অস্ত্র ও মাদক উদ্ধার, মামলার রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেপ্তার ও ভালো কাজের জন্য চট্টগ্রাম নগরের ৬১ জন পুলিশ সদস্যকে অর্থ ও সম্মাননা সনদ দেওয়া হয়।