জঙ্গিবাদবিরোধী সভা মানববন্ধন, কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলার নয় উপজেলার ৯ শতাধিক মসজিদের ইমামদের নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কর্মশালা করেছে ইসলামিক ফাউন্ডেশন পাবনা জেলা শাখা। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আবদুস ছাত্তার মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার দিনভর এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও গুপ্তহত্যার প্রতিবাদে সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি।
মসজিদের ইমামদের নিয়ে গতকাল সকালে কর্মশালার উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক। পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালোর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল রহিম, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ হুনমায়ূন কবীর মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা, ইসলামিক ফাউন্ডেশন পাবনা জেলার উপপরিচালক মুহাম্মদ ইমামুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে গোলাম ফারুক বলেন, ‘গুটি কয়েক জঙ্গি ও সন্ত্রাসীর কাছে আমরা সারা দেশের মানুষ জিম্মি হতে পারি না। তাই পাড়ায়, মহল্লায় জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে। কোথাও জঙ্গিদের তথ্য পেলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।’
ইসলামিক ফাউন্ডেশন পাবনা জেলা শাখার উপপরিচালক মুহাম্মদ ইমামুল ইসলাম বলেন, ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না। ইমামরা হচ্ছেন নেতা। তাই এই জঙ্গিবাদ প্রতিরোধে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ। মসজিদে মসজিদে বয়ান দিয়ে বিপথগামী তরুণদের ইসলামের সঠিক পথ দেখাতে হবে।
এদিকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও গুপ্তহত্যার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল দুপুরে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির কার্যালয়ে সভা শেষে আদালত চত্বরে মানববন্ধন করেন আইনজীবীরা।
জেলা আইনজীবী সমিতির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নাসিম সরকার, আবদুর রহমান, জাহিদ হোসেন, নুরুল আমীন, রেজাউল করিম তালুকদার, আবদুর রহিম, রজব আলী সরকার, আবদুল লতিফ, মীর রুহুল আমীন, এস এম আবদুল ওহাব, কে এম হোসেন আলী হাসান, বিমল কুমার দাস, আবদুর রউফ, কায়সার আহমেদ প্রমুখ।