জঙ্গিবাদবিরোধী সমাবেশ আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত
সারা দেশের বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী শোভাযাত্রা, মানববন্ধন, সমাবেশ, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: ডিমলায় সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হক, সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম সরকার, বালাপাড়া ইউপির চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া, ডিমলা মহিলা কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান প্রমুখ।
সৈয়দপুর(নীলফামারী): বেলা একটা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সৈয়দপুর জেলা কমিটি। সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশ হয়। বক্তব্য দেন সংগঠনের সভাপতি নুরুজ্জামান জোয়ারদার, সাধারণ সম্পাদক মোনায়েমুল হক প্রমুখ। পরে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গাইবান্ধা: ফুলছড়ি উপজেলা পরিষদের সামনে সমাবেশ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ফুলছড়ি উপজেলা শাখা। এর আগে একটি বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টি গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক রেবতী বর্মণ, সম্পাদকমণ্ডলীর সদস্য মোছাদ্দেক আহম্মেদ, আবদুল হামিদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, দেশজুড়ে চলছে জঙ্গিগোষ্ঠীর গুপ্তহত্যা। এদের প্রতিহত করতে হবে।
লালমনিরহাট: সদর থানার পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে শহরের মিশন মোড় চত্বর থেকে বেলা সাড়ে ১১টায় একটি শোভাযাত্রা বের হয়। পরে সেখানে সমাবেশ হয়। এতে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) রেজাউল আলম সরকার, জেলা পরিষদের প্রশাসক মো. মতিয়ার রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুর রহিমসহ পুলিশিং কমিটির সদস্যরা যোগ দেন। আদিতমারীতে সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সূজা-উদ-দৌলা, উপজেলা প্রকৌশলী শামীম সারওয়ার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।
পাটগ্রাম(লালমনিরহাট): পাটগ্রাম পুলিশ ও উপজেলা কমিউনিটি পুলিশিং ইউনিটের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদের শহীদ আফজাল মিলনায়তনে উপজেলা পুলিশিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে স্বাগত বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর। এদিকে একটি শোভাযাত্রা হাতীবান্ধা থানা থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় মেডিকেল মোড়ে সমাবেশে হয়। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, ইউএনও মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আজিজুর রহমান, ওসি রেজাউল করিম প্রমুখ। এ ছাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মাহবুবুর রহমান। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আজিজুর রহমান প্রমুখ। সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।