জঙ্গিবাদবিরোধী কার্যক্রম তদারকিতে কমিটি হচ্ছে
শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদ, মাদক ও ইভ টিজিংবিরোধী প্রচার-প্রচারণা ও কার্যক্রম তদারকির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার নেতৃত্বে একটি কমিটি হচ্ছে। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার কমিটির সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এ কথা বলেন। তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীতের আগে শিক্ষকেরা জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও ইভ টিজিংবিরোধী বক্তব্য দেবেন। জুমার নামাজের খুতবার আগে ইমামদের জঙ্গিবাদবিরোধী সচেতনতামূলক বক্তব্য দেওয়ার কথা উল্লেখ করে শামসুল হক টুকু জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের জানিয়ে দেওয়া হয়েছে। সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষার্থীদের সচেতন করতে পাঠ্যক্রমে জঙ্গিবাদ বিষয় অন্তর্ভুক্ত করা হবে। সভায় স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার, স্থানীয় সরকারসচিব আবু আলম মো. শহিদ খান, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবদুর নুর প্রমুখ উপস্থিত ছিলেন।