জঙ্গিবাদবিরোধী নাটকের ব্যানার হারিয়ে যাচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জঙ্গিবাদবিরোধী নাটকের ব্যানার খুলে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে সবাইকে সচেতন থাকতে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, আগামী ৪ অক্টোবর অনুশীলন নাট্যদলের এন্তারনেট নামে একটি জঙ্গিবাদবিরোধী নাটক মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে। নাটকটির প্রচার চালাতে ২০ সেপ্টেম্বর ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ব্যানার টানানো হয়। কিন্তু ২১ সেপ্টেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রশাসন ভবনের সামনে থেকে একটি ব্যানার খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এক যুবক। সে সময় তাঁকে হাতেনাতে ধরেন অনুশীলন নাট্যদলের কর্মীরা। এরপর কথা বলার একপর্যায়ে পালিয়ে যান ওই যুবক। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে থেকে অনুশীলন নাট্যদলের আরেকটি ব্যানার খুলে নিয়ে যাওয়া হয়। কে বা কারা সেটা খুলে নিয়ে গেছে তা জানা যায়নি।
অনুশীলন নাট্যদলের সভাপতি অধ্যাপক মলয় ভৌমিক অভিযোগ করেন, এন্তারনেট জঙ্গিবাদবিরোধী নাটক। নাটকটি যাতে সফলভাবে হতে না পারে, তার জন্য বাধা সৃষ্টি করতে মৌলবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে ষড়যন্ত্র শুরু করেছে। ক্যাম্পাসে সুষ্ঠুভাবে সাংস্কৃতিক চর্চা করা যাচ্ছে না। এটা ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে নির্দেশ করে।
এদিকে ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে সবাইকে সচেতন করতে ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, হল ও দপ্তরে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ইদানীং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিনতাই বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে ডিবি-পুলিশ পরিচয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পথরোধ করার মতো ঘটনা ঘটছে। ঘটনাটির সঙ্গে ডিবি পুলিশ বা আইনশৃঙ্খলার সঙ্গে সংশ্লিষ্ট অন্য কোনো সংস্থা জড়িত ছিল না। ভবিষ্যতে এ-জাতীয় ঘটনা রোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে। চিঠিতে বলা হয়, ক্যাম্পাসে এ-জাতীয় ঘটনা ঘটলে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে ঘটনাস্থলে আলোচনা করে সময়ক্ষেপণ না করে নিকটস্থ পুলিশ পোস্ট বা টহল গাড়ির কাছে গিয়ে কথা বলার পরামর্শ দেওয়া যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান বলেন, ‘ব্যানার খুলে নিয়ে যাওয়ার ব্যাপারে আমি কিছু জানি না। কেউ কোনো অভিযোগ করেনি।’ চিঠির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এসব বিষয়ে অফিস সময়ে কথা বলতে হবে। এখন বাইরে মিটিংয়ে আছি।’